গোপালগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা
গোপালগঞ্জের কাশিয়ানীতে রবিউল শেখ (৪০) নামের এক কৃষককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলায় মহেশপুর ইউনিয়নের চর পদ্মবিলা গ্রামের একটি বাঁশঝাড় থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত রবিউল শেখ ওই গ্রামের মালেক শেখের ছেলে। তাঁর স্ত্রী ও তিন সন্তান রয়েছে। এলাকায় তিনি কৃষিকাজ করতেন। পরিবারের অভিযোগ, বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে রবিউলকে হত্যা করা হয়েছে।
নিহত রবিউলের স্ত্রী শ্যামলী বেগম বলেন, ‘আমার স্বামীকে গতকাল বুধবার সন্ধ্যায় তাঁর খালাতো ভাই একই উপজেলার বাঘিয়া গ্রামের কোবাদ শেখ ফোন করে ডেকে নিয়ে যান। অনেক রাত হলেও তিনি বাড়িতে ফেরেননি। আমরা অনেক জায়গা খোঁজ করেছিলাম। কিন্তু তাঁকে পাওয়া পায়নি। আজ সকালে গ্রামের বলরাম বিশ্বাসের বাঁশঝাড়ের মধ্যে তাঁর লাশ পড়ে থাকতে দেখে এক কৃষক আমাদের বাড়িতে খবর দেন। সেখানে গিয়ে দেখি, বিবস্ত্র অবস্থায় লাশ পড়ে আছে। শরীরের বিভিন্ন স্থানে কোপের দাগ।’
স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ২০০০ সালে কোবাদ শেখের ভাই শহিদ শেখ নিহত হন। ওই ঘটনায় খালাতো ভাই রবিউল শেখ ও তাঁর ভাইদের আসামি করা হয়। ওই মামলা আদালতে বিচারাধীন।
এ বিষয়ে জানতে কোবাদ শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁর মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাসুদ রায়হান বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’