গোপালগঞ্জে বিডিআর সদস্য হত্যা মামলার ৪ আসামির যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানীতে বিডিআর সদস্য হিরু মিয়া হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় চার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যেককে ৫০ হাজার টাকা করে অর্থদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া মামলার অন্য ১৪ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন। দীর্ঘ ১৬ বছর পরে আজ এ মামলার রায় ঘোষণা করা হলো।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলেন আবু সাম ওরফে সামচুল হক, রওশন শেখ, লিয়াকত শেখ ও রাজা ফকির। রায় দেওয়ার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন। খালাস পাওয়া আসামিরা হলেন চুন্নু ফকির, গিয়াস উদ্দিন, ছিদ্দিক শেখ, ফিরোজ শেখ, সেলিম, হাফিজুর রহমান, হবি শেখ, সাহা আলম ফকির, নিজাম ফকির, গোলাম রসুল, বাদশা মিয়া, সায়েদ আলী শেখ, মাহমুদ ফকির ও সালাউদ্দিন শেখ।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কাশিয়ানী উপজেলার কোড়ামারী গ্রামের বিডিআর সদস্য হিরু মিয়ার সঙ্গে আসামিদের জমিজমা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ ছিল। হিরু মিয়া ছুটিতে বাড়ি এলে ২০০৫ সালের ২৫ ফেব্রুয়ারি রাত সাড়ে আটটার দিকে নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি আসার পথে কোড়ামারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে কুপিয়ে গুরুতর জখম করেন আসামিরা। পরে তাঁকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হিরু মিয়াকে মৃত ঘোষণা করেন। পরের দিন নিহতের স্ত্রী জোনাকী বেগম বাদী হয়ে ১৮ জনকে আসামি করে কাশিয়ানী থানায় একটি হত্যা মামলা করেন।

বাদীপক্ষে মামলা পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. শহিদুজ্জামান খান ও আসামিপক্ষে ছিলেন ফজলুল হক খান। আসামিপক্ষের আইনজীবী প্রথম আলোকে বলেন, ‘যে চার আসামির যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে, এ রায়ে আমরা সন্তুষ্ট নই। আমরা উচ্চ আদালতে আপিল করব।’