গোপালগঞ্জে ব্যবসায়ী হত্যায় দুজনের মৃত্যুদণ্ড, ৬ জনের যাবজ্জীবন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

গোপালগঞ্জে ব্যবসায়ী মোসলেম সরদার (৫০) হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও অন্য ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ও অতিরিক্ত জেলা দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার দত্তডাঙ্গা গ্রামের সাকায়েত সিকদারের ছেলে সেলিম সিকদার (৪২) ও একই গ্রামের জালাল সিকদারের ছেলে ইকু সিকদার (৪৫)।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন কাজুলিয়া ইউনিয়নের রায়পাশা গ্রামের বাচ্চু শেখের ছেলে পলাশ শেখ (৩২), দত্তডাঙ্গা গ্রামের আজিজুল সিকদারের ছেলে ইমামুল সিকদার (৩৭), সুলতান শেখের ছেলে মোরসালিন শেখ (৪২), সদন সিকদারের ছেলে সাকায়েত সিকদার (৮৪), জালাল সিকদারের ছেলে আজিজুল সিকদার (৬৫) ও আলী মুন্সীর ছেলে উসমান মুন্সী (৪৫)। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

নিহত মোসলেম সরদার গোপালগঞ্জ সদর উপজেলার কাজুলিয়া ইউনিয়নের দত্তডাঙ্গা গ্রামের আলী সরদারের ছেলে। তিনি পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, জমিসংক্রান্ত বিরোধের জেরে মোসলেম সরদারকে ২০০৬ সালের ২৯ নভেম্বর রাতে কুপিয়ে হত্যা করা হয়। একই বছরের ৩ ডিসেম্বর মোসলেম সরদারের ভাই মোহন বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় একটি হত্যা মামলা করেন। ২০০৭ সালের ৩০ এপ্রিল পুলিশ ওই মামলায় আটজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন। দীর্ঘ শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে মৃত্যুদণ্ড ও অপর ছয়জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত সেলিম সিকদারের ভাই তাইজুল সিকদার বলেন, মোসলেম সরদারকে যাঁরা হত্যা করেছেন, তাঁরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। অথচ তাঁর নিরীহ ভাইদের মৃত্যুদণ্ডের দেওয়া হয়েছে। তাঁরা ন্যায়বিচার পাননি বলে তিনি দাবি করেন।