গোপালগঞ্জে শাশুড়িসহ চারজনকে পুড়িয়ে হত্যার দায়ে জামাইকে মৃত্যুদণ্ড
গোপালগঞ্জ সদর উপজেলায় শাশুড়ি ও তিন শিশুকে পুড়িয়ে হত্যার দায়ে জামাই আজাদ মোল্যাকে (৫০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার দুপুরে গোপালগঞ্জ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আব্বাস উদ্দীন এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া আজাদ সদর উপজেলার লতিফপুর ইউনিয়নের চর মানিকদাহ গ্রামের বেলায়েত মোল্যার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
২০১৪ সালের ১৭ এপ্রিল গভীর রাতে সদর উপজেলার ডুমদিয়া গ্রামের মৃত দেলোয়ার গাজীর স্ত্রী ফুরিয়া বেগম (৭০) এবং তাঁর তিন নাতি তামিম (৭), আমিনুর (১৪) ও তনিমাকে (৬) আগুনে পুড়িয়ে হত্যা করা হয়।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, নিহত ফুরিয়া বেগমের বড় মেয়ে সরিফার সঙ্গে পারিবারিকভাবে আজাদ মোল্যার বিয়ে হয়। বিয়ের পর তাঁদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। ওই কলহের জেরে ২০১৪ সালের ১৭ এপ্রিল স্ত্রী সরিফাকে হত্যার উদ্দেশ্যে ডুমদিয়া গ্রামে তাঁর বাড়িতে গভীর রাতে কেরোসিন ঢেলে আগুন দিয়ে পালান আজাদ। ওই আগুনে পুড়ে শাশুড়ি ফুরিয়া বেগম এবং সরিফার বোনের ছেলে আমিনুর, তামিম ও মেয়ে তনিমা মারা যায়। ওই শিশুরা নানাবাড়িতে থেকে পড়াশোনা করত। এ ঘটনায় পরদিন ১৮ এপ্রিল ফুরিয়া বেগমের ছেলে সাইফুল গাজী বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেন।
মামলাটির তদন্ত করে একই বছরের ২৮ আগস্ট অভিযোগপত্র দাখিল করে পুলিশ। মামলার দীর্ঘ আট বছর পর আদালত আজ আজাদ মোল্যাকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকার অর্থদণ্ড দিয়েছেন। মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) শহীদুজ্জামান, এপিপি শামছুন্নাহার ও ফজলুল হক খান। আসামিপক্ষে ছিলেন আইনজীবী মো. ফরহাদ হোসেন।
মো. ফরহাদ হোসেন প্রথম আলোকে বলেন, মামলার মোট ১৪ জন সাক্ষী ছিলেন। তাঁরা সবাই আসামির পক্ষে সাক্ষ্য দিয়েছেন। রায়ে তাঁরা সংক্ষুব্ধ। এ বিষয়ে আসামির পক্ষে উচ্চ আদালতে আপিল করা হবে।