গোপালগঞ্জে শ্রমিকনেতা বাসু হত্যা মামলার সাক্ষীকে কুপিয়ে হত্যা
গোপালগঞ্জ মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলার সাক্ষী ব্যবসায়ী মিন্টু মিনাকে (৪৮) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার সকাল ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শহরের ফকিরকান্দি সড়কের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
মারা যাওয়া মিন্টু মিনা গোপালগঞ্জ শহরের ফকিরকান্দি গ্রামের আক্তার মিনার ছেলে। তিনি শহরের কুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের মিনা মোটর্সের মালিক।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল জানান, গতকাল শনিবার রাত ১০টার দিকে দোকান বন্ধ করে তিনি কুয়াডাঙ্গা থেকে ফকিরকান্দির নিজের বাড়িতে যান। ঘরে প্রবেশের আগেই মুঠোফোনে অজ্ঞাত ব্যক্তির ফোন পেয়ে বাড়ি থেকে তিনি বের হন। দীর্ঘক্ষণ পর বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন তাঁকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। দিবাগত রাত ১২টার দিকে পরিবারের লোকজন তাঁর মুঠোফোনটি বন্ধ পান।
এ বিষয়ে সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল আরও বলেন, আজ সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফকিরকান্দিতে বাড়ির পাশে স্থানীয় লোকজন মিন্টু মিনার লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। মিন্টুর বাঁ পাঁজরে কোপ ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখ মাফলার দিয়ে বাঁধা ছিল।
মিন্টু মিনার চাচা জাকির মিনা (৫০) বলেন, পূর্বশত্রুতার জেরে মিন্টু মিনাকে পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে বলে তিনি ধারণা করছেন। তদন্ত সাপেক্ষে এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
জাকির মিনা আরও বলেন, ২৪ জানুয়ারি চাঞ্চল্যকর বাসু হত্যা মামলায় মিন্টু মিনার সাক্ষ্য দেওয়ার দিন ধার্য ছিল। স্থানীয় লোকজন ধারণা করছেন, এই সাক্ষ্য দেওয়ার ঘটনাকে সামনে রেখে কে বা কারা তাঁকে হত্যা করেছে।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) শীতল চন্দ্র পাল বলেন, মিন্টু মিনাকে হত্যার অভিযোগে মামলার প্রস্তুতি চলছে। তদন্ত সাপেক্ষে এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনা হবে।