গোপালপুরে একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী বিলকিছ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিলকিছ জাহান

টাঙ্গাইলে ষষ্ঠ ধাপে গোপালপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনে আগামী সোমবার ভোট গ্রহণ হবে। চেয়ারম্যান পদে হাদিরা ইউপিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বিলকিছ জাহান। তিনি গোপালপুর উপজেলায় আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাওয়া একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্র জানায়, বিলকিছ শুধু আওয়ামী লীগের নয়, পুরো উপজেলার একমাত্র নারী চেয়ারম্যান প্রার্থী। হাদিরা ইউপিতে মোট ভোটার সংখ্যা ২০ হাজার ৮৮। ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হবে।

দলীয় কর্মীরা বলেন, বিলকিছ জাহান (৪২) উপজেলার সেনের চর মাদ্রাসার সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক ও বন্দ আজগরা গ্রামের বাসিন্দা। তিনি হাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের স্ত্রী। আমিনুল ২০২০ সালের ১ আগস্ট সন্ত্রাসী হামলায় নিহত হন। আমিনুল এই ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। মাঠপর্যায়ে নির্বাচনী তৎপরতাও শুরু করেছিলেন। এর মধ্যে তিনি খুন হওয়ার পর মাঠে নামেন তাঁর স্ত্রী বিলকিছ জাহান।

দলের কর্মীরা আরও বলেন, এ ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী বিলকিছ জাহান ছাড়াও আওয়ামী লীগের দুজন বিদ্রোহী প্রার্থী আছেন। তাঁরা হলেন উপজেলা আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক সেলিম আজাদ ও ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আলমগীর হোসেন। আর স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন আবু বকর সিদ্দিক।

বিলকিছ জাহান জানান, নারী বলে তিনি পিছিয়ে নেই। অন্য প্রার্থীদের চেয়ে অনেক বেশি প্রচারণা জনসংযোগ করেছেন তিনি। ইউনিয়নের ভোটারদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছেন। সুষ্ঠু নির্বাচন হলে তিনি বিজয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী। তাঁর স্বামী দীর্ঘদিন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক কারণে তাঁকে খুন হতে হয়েছে। সন্ত্রাসমুক্ত একটি ইউনিয়ন গড়ার লক্ষ্যে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন।

সুশাসনের জন্য নাগরিক (সুজন) গোপালপুর উপজেলা শাখার সভাপতি বাণীতোষ চক্রবর্তী জানান, রাজনৈতিক দলগুলো স্থানীয় সরকারের বিভিন্ন স্তরে নারী প্রার্থীদের মনোনয়ন দিলে নারীরা রাজনীতিতে আরও উৎসাহিত হবে।