স্কুলছাত্রীকে ধর্ষণ ও সেই দৃশ্য মুঠোফোনে ধারণের মামলায় তিন কিশোর গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধর্ষণ
প্রতীকী ছবি

টাঙ্গাইলের গোপালপুরে এক স্কুলছাত্রীকে ধর্ষণ করে এবং ধর্ষণের ছবি তুলে তা ছড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগে তিন কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের আদালতে তোলা হয়। এ সময় তাদের জামিন নামঞ্জুর করেন আদালত। তবে তারা কিশোর বলে তাদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

এর আগে বুধবার রাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বাবা বাদী হয়ে ওই তিন কিশোরের বিরুদ্ধে গোপালপুর থানায় মামলা করেন। ওই রাতেই পুলিশ তাদের তিনজনকে গ্রেপ্তার করে। আজ তাদের টাঙ্গাইল আদালতে আনা হয়। তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তাদের শিশু আদালতের দায়িত্বে থাকা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিনের আদালতে হাজির করা হয়। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর আদেশ দেন।

টাঙ্গাইলের আদালত পরিদর্শক তানভীর আহমেদ বলেন, ওই তিন কিশোরকে টাঙ্গাইল কারাগারে নেওয়া হয়েছে। সমাজসেবা বিভাগের মাধ্যমে তাদের শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।

ওই ছাত্রীকে ওই তিন বন্ধু প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। তাদের প্রস্তাবে সে রাজি না হওয়ায় গত ২৬ মে দুই কিশোরের সহায়তায় মেয়েটিকে এক কিশোর জোরপূর্বক ধর্ষণ করে।

মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই ছাত্রীকে ওই তিন বন্ধু প্রেমের প্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করত। তাদের প্রস্তাবে সে রাজি না হওয়ায় গত ২৬ মে দুই কিশোরের সহায়তায় মেয়েটিকে বাড়ির পাশে নিয়ে প্রথমবার এক কিশোর জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় অপর কিশোর মুঠোফোনে ধর্ষণের ছবি তোলে। এরপর ধর্ষণের সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে গত ৭ আগস্ট রাতে আবার এক কিশোর ধর্ষণ করে। এ সময় অপর কিশোর আবার ধর্ষণের সেই দৃশ্য মুঠোফোনে ধারণ করে।

ঘটনাটি জানাজানি হলে স্থানীয় ইউপি সদস্য আপস-মীমাংসার জন্য সালিস বৈঠক করেন। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেয়।

গোপালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, মেয়ের বাবা বাদী হয়ে বুধবার রাতে মামলার পর রাতেই অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়।