গোবিন্দগঞ্জে বাসের ধাক্কায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-রংপুর মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় অটো রিকশাভ্যানের চালকসহ দুজন নিহত হয়েছেন। উপজেলার একচল্লিশ মাইল এলাকায় আজ মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হচ্ছেন অটোরিকশা ভ্যানের চালক গোবিন্দগঞ্জের দরবস্ত ইউনিয়নের উত্তর সিংগা গ্রামের ফইম উদ্দিন মিয়ার ছেলে আবু ছালেক (৪০) ও অটোরিকশা ভ্যানে থাকা একই উপজেলার কাপাসিয়া গ্রামের আলিম উদ্দিনের ছেলে রনজু মিয়া (৪৫)। 

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার পুলিশ সূত্র জানায়, আজ সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আবু ছালেক উপজেলার কালিতলা বাজার থেকে অটো রিকশাভ্যানে করে রনজু মিয়াকে নিয়ে মহাসড়ক ধরে বাড়ি ফিরছিলেন। অটোভ্যানটি একচল্লিশ মাইল এলাকায় পৌঁছালে অজ্ঞাত একটি বাস অটোভ্যানকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানটি উল্টে অপর একটি বাসের চাকায় পিষ্ট হয়ে দুমড়েমুচড়ে যায়। ফলে ঘটনাস্থলে আবু ছালেক ও রনজু মিয়া মারা যান। রাত নয়টায় গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি আবুল বাশার মুঠোফোনে বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। বাসটি শনাক্ত করার চেষ্টা চলছে। এ নিয়ে থানায় মামলা হয়েছে।