গোবিন্দগঞ্জে সাঁওতালদের বাধায় বেপজার জরিপকাজ পণ্ড
গাইবান্ধার গোবিন্দগঞ্জে আজ রোববার চিনিকলের জমি পরিমাপ করতে যায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) চার সদস্যের একটি দল। এ সময় মহিমাগঞ্জে রংপুর চিনিকলের প্রতিনিধিদলও সঙ্গে ছিল। সকাল সাড়ে ১০টা থেকে তারা জরিপ শুরু করে। টের পেয়ে দুপুরে শতাধিক সাঁওতাল গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকায় সমবেত হন। তাঁরা জরিপ দলকে ঘিরে ধরেন।
সাহেবগঞ্জ এলাকায় চিনিকলের জমিতে রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (ইপিজেড) নির্মাণের বিরোধিতা করেন তাঁরা। একপর্যায়ে সাঁওতালরা জরিপ দলের কাছ থেকে কাগজপত্র নিয়ে নেন। এতে বেপজার জরিপকাজ পণ্ড হয়ে যায়। পরে গোবিন্দগঞ্জ থানা-পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, বেপজা ও চিনিকল কর্তৃপক্ষের লোকজনের কিছু কাগজপত্র নেওয়া হয়েছিল। পরে তাঁদের কাগজপত্র ফিরিয়ে দেওয়া হয়েছে।
জরিপ দলে থাকা চিনিকলের কর্মকর্তা সোহেল রানার দাবি, জরিপকাজের সময় আকস্মিকভাবে দেড় শতাধিক ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ এবং কথিত সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির কয়েকজন নেতা কাটামোড় এলাকায় একটি ঘরে তাঁদের অবরুদ্ধ করেন। প্রায় দুই ঘণ্টা আটকে রাখার সময় তাঁদের অকথ্য গালিগালাজ ও একাধিকবার শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করা হয়। কাগজপত্র কেড়ে নেওয়া হয়। পরে পুলিশ এসে তাঁদের উদ্ধার করে।
সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে বলেন, কোনো কর্মকর্তাকে অবরুদ্ধ, গালিগালাজ ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেনি। কেবল তাঁদের লোকজন জরিপের বিষয়ে জানতে চেয়েছেন। তিনি আরও বলেন, এখানে ইপিজেড নির্মাণ হলে সাঁওতালদের বাপ-দাদার জমি থাকবে না। তাই এখানে ইপিজেড নির্মাণের পরিকল্পনা বন্ধ করতে হবে। সরকার এখানে ইপিজেড নির্মাণের পরিকল্পনা বাতিল না করা পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।
গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ এলাকায় রংপুর চিনিকলের জমিতে ইপিজেড স্থাপনের সিদ্ধান্ত নেয় সরকার। ইপিজেড বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয় বেপজাকে। গত বছরের ২৪ আগস্ট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল নজরুল ইসলাম। মতবিনিময় শেষে তিনি ইপিজেডের নির্ধারিত স্থান সাহেবগঞ্জ এলাকা পরিদর্শন করেন।
এদিকে চিনিকলের জমিতে ইপিজেড নির্মাণের বিরোধিতা করে সাহেবগঞ্জ বাগদাফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। তখন থেকে কমিটির উদ্যোগে ইপিজেড না করতে আন্দোলন চলছে। তাঁরা চিনিকলের জমি বাপ-দাদার সম্পত্তি দাবি করে তা ফেরত দেওয়ার জন্য এই কমিটি গঠন করেন।
রংপুর চিনিকল সূত্র জানায়, সাহেবগঞ্জ এলাকায় রংপুর চিনিকলের আওতায় ১ হাজার ৮৪২ একর জমি আছে। এই জমিতে উৎপাদিত আখ রংপুর চিনিকলে মাড়াই হতো। ২০১৬ সালের ৬ নভেম্বর চিনিকল কর্তৃপক্ষ ও পুলিশ এসব জমিতে উচ্ছেদের উদ্দেশ্যে গেলে সাঁওতালদের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৩ সাঁওতাল নিহত হন, আহত হন অন্তত ২০ জন। এরপর থেকে সাঁওতালরা দফায় দফায় এই জমি দখল করেন।
এমন পরিস্থিতিতে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন বেপজা সাহেবগঞ্জ এলাকায় ইপিজেড স্থাপনের উদ্যোগ নেয়। কিন্তু স্থানীয় সাঁওতালরা এখানে ইপিজেড না করার জন্য আন্দোলন অব্যাহত রেখেছেন।