গোবিন্দগঞ্জে সাঁওতালপল্লি থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা জেলার মানচিত্র

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের চাঙ্গুরা সাঁওতালপল্লি থেকে আজ সোমবার অনিল মুরমু (৪০) ও তাঁর স্ত্রী সুমী হেমরমের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে অনিল মুরমুর লাশ ঘরে ঝুলন্ত অবস্থায় এবং তাঁর স্ত্রীর লাশ ঘরের বারান্দায় পড়ে থাকা অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহত ব্যক্তিদের পারিবারিক সূত্র জানায়, অনিল মুরমু মাঝেমধ্যেই নেশা করতেন। এই নেশা করাকে কেন্দ্র করে স্বামী–স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হতো। গতকাল রোববার রাতে অনিল মুরমু ও তাঁর স্ত্রী সুমী হেমরম ঘুমাতে যান। ওই রাতে তাঁদের দুই মেয়ে মনিকা (১৫) ও সাবানা (১০) অন্য ঘরে ছিল।

আজ সকালে দুই বোন ঘুম থেকে উঠে ঘর থেকে বেরিয়ে বাবা-মাকে ডাকতে গিয়ে দেখে, তাদের মা সুমী হেমরমের লাশ বারান্দায় পড়ে আছে এবং তাদের শোবার ঘরের দরজা খোলা ছিল। ঘরে ঢুকে তারা বাবাকে ঘরের ধরনার সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে আশপাশের লোকজন থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, লাশ দুটি উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। তবে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন বলে প্রথমিকভাবে ধারণা করা হচ্ছে।