গোবিন্দগঞ্জে সাত দফা দাবিতে সাঁওতালদের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকায় আজ শনিবার মানববন্ধন করেন সাঁওতালরা
ছবি: প্রথম আলো

গাইবান্ধার গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকায় আজ শনিবার মানববন্ধন করেন সাঁওতালরা। এতে তির-ধনুক হাতে দুই শতাধিক সাঁওতাল অংশ নেন।

গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকলের আওতাধীন সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় বাপ-দাদার জমি ফেরত, তিন ফসলি জমিতে বেপজার কার্যক্রম বন্ধ এবং তিন সাঁওতাল হত্যার বিচারসহ সাত দফা দাবিতে এই কর্মসূচি পালিত হয়। সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি এই কর্মসূচির আয়োজন করে।

এর আগে সাঁওতালরা গোবিন্দগঞ্জ উপজেলার মাদারপুর ও জয়পুর (সাঁওতাল অধ্যুষিত) গ্রাম থেকে মিছিল নিয়ে কাটামোড় এলাকায় সমবেত হন। তাঁরা তির-ধনুক হাতে নানা স্লোগান দেন। সাঁওতালরা কাটামোড় এলাকায় সড়কের দুই পাশে ওই মানববন্ধন করেন।

সভাপতিত্ব করেন সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি ফিলিমন বাস্কে। বক্তব্য দেন সংগ্রাম কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নুরুল ইসলাম মাস্টার, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, ক্ষুদ্র জাতিসত্তার নেতা প্রিসিলা মুরমু, ব্রিটিশ সরেন, ইসতারিনা মুরমু, থোমাস হেমব্রন প্রমুখ।

বক্তারা বলেন, ‘চিনিকলের ওই জমি তাঁদের বাপ-দাদার। পাকিস্তান আমলে তাঁদের বাপ-দাদার কাছ থেকে শর্ত সাপেক্ষে রংপুর চিনিকলের আখ চাষের জন্য বাগদা ফার্মের জমি হুকুম দখল করা হয়। কখনো মিল বন্ধ হলে এ জমি তাঁরা ফিরে পাবেন। যেহেতু মিল বন্ধ, তাই এ জমি তাঁদের। সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় সাঁওতালদের পৈতৃক জমিতে ইপিজেড নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছে সরকার। ইপিজেড নির্মাণে বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটিকে (বেপজা) দায়িত্ব দেওয়া হয়। এখানে ইপিজেড নির্মাণ করা হলে সাঁওতালদের বাপ-দাদার জমি থাকবে না। তাই এখানে ইপিজেড নির্মাণের পরিকল্পনা বন্ধ করতে হবে। এখানে ইপিজেড নির্মাণের পরিকল্পনা বাতিল না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

সাত দফা দাবি হচ্ছে সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় অধিগ্রহণ করা জমি সাঁওতালদের ফেরত প্রদান, তিন ফসলি জমিতে বেপজার কার্যক্রম বন্ধ, তিন সাঁওতাল হত্যার বিচার, ক্ষুদ্র জাতিসত্তাকে স্বীকৃতি প্রদান, নিজস্ব বাসায় পৃথক স্কুল প্রতিষ্ঠা, বাপ-দাদার সম্পত্তিতে সাঁওতালদের পুনর্বাসন এবং ২০১৬ সালের ৬ নভেম্বর সাঁওতালদের বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের ক্ষতিপূরণ প্রদান।

গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে রংপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল কবির বলেন, এখানে ইপিজেড নির্মিত হলে অসংখ্য শিল্পকারখানা গড়ে উঠবে। দুই লাখ মানুষের কর্মসংস্থানের সৃষ্টি হবে। সেখানে সাঁওতালদেরও কর্মসংস্থান হবে। এ ক্ষেত্রে তাঁদের অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু জমি ফেরতের সুযোগ নেই।

ইপিজেড স্থাপনের সিদ্ধান্তে আনন্দ মিছিল
চিনিকলের সাহেবগঞ্জ বাগদা ফার্মের জমিতে ইপিজেড স্থাপনের সিদ্ধান্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আজ বেলা ১১টায় আনন্দ মিছিল ও রোড শো হয়েছে। গোবিন্দগঞ্জ উপজেলাবাসী ও সাংবাদিকদের আয়োজনে উপজেলার শহরে এই আনন্দ মিছিল হয়। আনন্দ মিছিল উদ্বোধন করেন পৌর মেয়র মুকিতুর রহমান। আনন্দ মিছিলে উপজেলার হাজার হাজার মানুষ অংশ নেন।

আনন্দ মিছিলে সংহতি প্রকাশ করে মুঠোফোনে বক্তব্য দেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সাংসদ মনোয়ার হোসেন চৌধুরী ও উপজেলা চেয়ারম্যান আবদুল লতিফ প্রধান। আনন্দ মিছিল শেষে উপজেলা শহরের চারমাথা এলাকায় সমাবেশে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা শ্যামলেন্দু মোহন রায়। বক্তব্য দেন সাংবাদিক খোকন আহম্মেদ, রাসেল কবির, রফিকুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন আকন্দ, আনোয়ারুল ইসলাম, উজ্জ্বল হক প্রধান, মোস্তফা কামাল প্রমুখ।