গোবিন্দগঞ্জে হামলায় পরাজিত প্রার্থী নিহতের ঘটনায় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাইবান্ধা জেলার মানচিত্র

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রতিপক্ষের হামলায় পরাজিত ইউপি সদস্য প্রার্থী শাহারুল ইসলাম (৪৫) নিহতের ঘটনায় মামলা হয়েছে। আজ বুধবার সকালে নিহত শাহারুলের ছেলে সিহাব মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় ২১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করা হয়।

তবে আসামিদের নাম প্রকাশ করেনি পুলিশ। এদিকে ঘটনার প্রায় ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও আজ বিকেল চারটা পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। এ সম্পর্কে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দিন বলেন, ময়নাতদন্ত শেষে আজ দুপুরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। থানায় একটি মামলা হয়েছে। তদন্তের স্বার্থে আসামিদের নাম প্রকাশ করা যাচ্ছে না। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এজাহারে উল্লেখ করা হয়, গত রোববার ইউপি নির্বাচনে উপজেলার হরিরামপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের (হরিরামপুর গ্রাম) সাধারণ সদস্যপদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন শাহারুল ইসলাম। তিনি ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ওই ওয়ার্ডের সদস্য হিসেবে বিজয়ী হন ইউনিয়ন যুবলীগের সভাপতি ফিরোজ কবির। গতকাল মঙ্গলবার বিকেলে ফিরোজ কবিরের সমর্থনে হরিরামপুর গ্রামের হাজিরবাজার চৌমাথায় একটি বিজয় মিছিল বের হয়। মিছিল থেকে পরাজিত প্রার্থী শাহারুলের এক সমর্থককে মারধর করা হয়। তখন পাশের গ্রাম থেকে দাওয়াত খেয়ে ফিরছিলেন শাহারুল ইসলাম। কর্মীকে মারধরের খবর পেয়ে শাহারুল তাঁকে রক্ষার জন্য সেখানে যান। এ সময় মিছিল থেকে শাহারুলের ওপর অতর্কিত হামলা চালানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে শাহারুলকে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।