গোমস্তাপুরে শিশু হামিম হত্যার বিচার দাবিতে বিক্ষোভ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি ইউনিয়নের কামালপুর-দাঁড়িপাতা গ্রামে শিশু মো. হামিমের (৭) হত্যার বিচার দাবিতে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। আজ রোববার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বাঙ্গাবাড়ি থেকে আলীনগর ইউনিয়ন পর্যন্ত এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলে এলাকাবাসীর পাশাপাশি হামিমের পরিবারের সদস্যরা অংশ নেন। কর্মসূচি থেকে হামিম হত্যাকাণ্ডের জন্য মুকলেস আলীকে (৫২) দায়ী করে তাঁর সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানানো হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুকলেস আলী একটি শিশুকে শুধু হত্যা করেননি, তার ওপর নির্যাতনও চালিয়েছেন। তাকে শ্বাসরোধ করে ও নির্মমভাবে হত্যা করেছেন। এরপর নিজ বাড়িতেই লাশ লুকিয়ে রেখে পরে খেসারির খেতে ফেলে আসেন। মুকলেস আলীর ফাঁসির দাবি জানান বক্তারা।
উল্লেখ্য, ২৩ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় ব্যক্তিদের কাছ থেকে খবর পেয়ে কামালপুর গ্রামের একটি খেত থেকে মো. হামিমের লাশ উদ্ধার করে পুলিশ। তার ডান চোখে জখমের চিহ্ন ছিল। এ ঘটনায় রেজাউল করিম বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। ওই দিনই জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করে পুলিশ। তাঁদের কাছ থেকে তথ্যের ভিত্তিতে হত্যাকারী হিসেবে মুকলেস আলীকে গ্রেপ্তার করে।