গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইকবাল আহমদ চৌধুরী মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইকবাল আহমদ চৌধুরী।
ছবি: সংগৃহীত

সিলেটের গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ ইকবাল আহমদ চৌধুরী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গতকাল শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী। তিনি বলেন, ইকবাল আহমদ চৌধুরী বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। আগামীকাল সোমবার তাঁর ভাই মঞ্জু শাফি চৌধুরীসহ কয়েকজন স্বজন যুক্তরাজ্য থেকে আসার পর তাঁর জানাজা ও দাফন হওয়ার কথা রয়েছে।

মুক্তিযুদ্ধের সংগঠক ইকবাল আহমদ চৌধুরী নর্থ ইস্ট বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন। তিনি ২০১৯ সালে গোলাপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এর আগে তিনি ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ২০০৪ সাল থেকে গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। স্কাউটসে বিশেষ অবদানের কারণে রাষ্ট্রপতি কর্তৃক সর্বোচ্চ পদক ‘রৌপ্য ব্যাঘ্র’ (সিলভার টাইগার) পদক লাভ করেছিলেন। মৃত্যুকালে পুত্রবধূ, নাতি-নাতনি, ভাই, আত্মীয়স্বজন, কর্মী-সমর্থকসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।