গোলাপগঞ্জে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় বন্যার পানিতে ডুবে সিদ্দিক আহমেদ (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে শিশুটির লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গতকাল সোমবার রাতে উপজেলার বাঘা ইউনিয়নের গন্ডামারা গ্রাম থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। সিদ্দিক একই গ্রামের হবিব মিয়ার ছোট ছেলে। এদিকে মঙ্গলবার সকালে সিলেটের জৈন্তাপুর উপজেলায় বন্যার পানির স্রোতে তলিয়ে এক মা ও তাঁর কিশোর ছেলের মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে গোলাপগঞ্জের গন্ডামারা গ্রামে বাড়ির পাশে খেলতে গিয়ে বন্যার পানিতে তলিয়ে নিখোঁজ হয় সিদ্দিক। পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরে রাত সাড়ে ১০টার দিকে ডোবার পানিতে তার লাশ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশীদ চৌধুরী বলেন, মঙ্গলবার সকালে শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে অপমৃত্যুর মামলা করা হয়েছে।

আরও পড়ুন