গোসলে নেমে নিখোঁজ শিশুর লাশ ভাসল নদীতে
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় পদ্মার একটি শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া শিশুর লাশ ভাসমান অবস্থায় পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার সকাল পৌনে নয়টার দিকে উপজেলার কলমা গুদারাঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
লাশ উদ্ধার হওয়া ওই শিশুর নাম মরিয়ম আক্তার (৭)। সে উপজেলার কলমা ইউনিয়নের পশ্চিম নওপাড়া এলাকার মিনার হোসেনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার বিকেলে কলমা গুদারাঘাট এলাকায় পদ্মার শাখা নদীতে মরিয়ম আক্তারসহ বেশ কয়েকজন গোসল করতে নামে। এ সময় স্রোতের তোড়ে মরিয়ম আক্তার ও স্থানীয় যুবক আবদুল কাদের (২৭) পানিতে তলিয়ে যান। বিকেল সাড়ে চারটার দিকে আবদুল কাদেরের লাশ উদ্ধার করেন স্থানীয় ব্যক্তিরা। তবে শিশু মরিয়মের কোনো হদিস পাওয়া যাচ্ছিল না।
শ্রীনগর ফায়ার স্টেশনের কর্মকর্তা দেওয়ান আজাদ বলেন, আজ সকালে ফায়ার সার্ভিসের কর্মীরা মরিয়মের সন্ধানে তল্লাশি শুরু করেন। সকাল পৌনে নয়টার দিকে গুদারাঘাট এলাকায় মরিয়মের লাশ নদীতে ভাসতে দেখেন তাঁরা। পরে লাশটি উদ্ধার পরিবারের সদস্যদের বুঝিয়ে দেওয়া হয়েছে।