গোসলে নেমে পুকুর থেকে প্রাচীন মূর্তি উদ্ধার করল কিশোরেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারার নরদাশের পুকুর থেকে উদ্ধার হওয়া মূর্তি। আজ শুক্রবার দুপুরে
ছবি: সংগৃহীত

পুকুরে গোসল করতে গিয়ে পায়ের সঙ্গে শক্ত কোনো কিছুর ধাক্কা লাগে এক কিশোরের। বিষয়টি সঙ্গে থাকা অন্যদের জানায় সে। এরপর সবাই মিলে লেগে পড়ে সেই বস্তুর সন্ধানে। একপর্যায়ে সবাই মিলে উদ্ধার করে প্রাচীন আমলের একটি মূর্তি।

ঘটনাটি ঘটেছে রাজশাহীর বাগমারা উপজেলার নরদাশে। এর আগেও গত ১১ জুলাই ওই পুকুর থেকে আরেকটি মূর্তি উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত চার মাসে উপজেলাটি থেকে পাল ও সেন আমলের তৈরি ছয়টি মূর্তি উদ্ধার করা হলো।

প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ শুক্রবার দুপুরে স্থানীয় তিন-চারজন শিশু–কিশোর নরদাশ পশ্চিমপাড়ার একটি পুকুরে গোসল করতে নামে। দেড় মাস ধরে পুকুরটির সংস্কার কাজ চলছে। গোসলের সময় ওই গ্রামের দুলাল হোসেনের ১৩ বছরের এক ছেলের পায়ের সঙ্গে শক্ত কোনো বস্তুর ধাক্কা লাগে। প্রথমে সে ভয় পেয়ে বিষয়টি তাঁর সঙ্গে থাকা অন্যদের জানায়। পরে তিনজন মিলে ওই শক্ত বস্তু খোঁজার চেষ্টা করেন। একপর্যায়ে তারা পুকুরের পানি থেকে কালো রঙের একটি মূর্তি তুলে আনে।

পরে সেটি স্থানীয় পানিয়া নরদাশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ারের কাছে নিয়ে যাওয়া হয়। শিশুরা মূর্তিটি তাঁর হাতে তুলে দেয়। পরে অধ্যক্ষ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেন, ১১ জুলাই নরদাশ গ্রামের ওই পুকুর সংস্কার করার সময় শ্রমিকেরা আরেকটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছিলেন।

নরদাশ ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার প্রথম আলোকে বলেন, মূর্তি উদ্ধারের পর তাঁর কাছে জমা দেওয়া হয়েছিল। তিনি প্রশাসনের কাছে তা হস্তান্তর করেছেন।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, প্রাচীনকালের মূর্তিটি থানায় জমা রাখা হয়েছে। নিয়ম মেনে আদালতের নির্দেশে তা প্রত্নতাত্ত্বিক বিভাগের কাছে হস্তান্তর করা হবে। ১১ জুলাই একই পুকুর থেকে উদ্ধার হওয়া মূর্তিটি আদালতের নির্দেশে পাহাড়পুর বৌদ্ধবিহার জাদুঘরে হস্তান্তর করা হয়।

এ নিয়ে গত চার মাসে উপজেলার বিভিন্ন পুকুর থেকে ছয়টি মূর্তি উদ্ধার করা হলো। এগুলো পাল ও সেন আমলের তৈরি বলে প্রত্নতাত্ত্বিক বিভাগ জানিয়েছে।