গোড়া থেকে মাটি সরে ঝুঁকিপূর্ণ কালভার্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কালভার্টের দুই পাশের গোড়া থেকে মাটি সরে সৃষ্টি হয়েছে গর্ত। সড়কের অর্ধেক অংশ বিলীন হয়ে গেছে। বাকি অংশে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। এ চিত্র লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর রমিজ ইউনিয়নের একটি কালভার্টের। রামগতি-বিবিরহাট সড়কের কেঞ্জাতলী এলাকায় এটির অবস্থান।

স্থানীয় লোকজন বলছেন, উপজেলার দক্ষিণ অঞ্চলের চরগাজী, বড়খেরি ও চর রমিজ ইউনিয়নের লোকজন রামগতিরহাট থেকে বিবিরহাট হয়ে উপজেলা সদরে যাতায়াতের জন্য ছয় কিলোমিটারের সড়কটি ব্যবহার করেন। এতে প্রতিদিন দুই শতাধিক লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা ও ব্যাটারিচালিত ইজিবাইক চলাচল করে। ধসের কারণে সড়কটি বিচ্ছিন্ন হয়ে পড়লে উপজেলা সদরে যাতায়াতে লোকজনকে দুর্ভোগে পড়তে হবে।

সম্প্রতি সরেজমিনে দেখা যায়, কাটাখালীর শাখা খালের ওপর নির্মিত কালভার্টটির উত্তর পাশের সড়কের দুদিকের মাটি ধসে পড়েছে। এতে বেশ বড় দুটি গর্ত সৃষ্টি হয়েছে। কালভার্টের দক্ষিণ পাশেও গোড়া থেকে মাটি ধসে আরও একটি গর্তের সৃষ্টি হয়েছে। মাটি ভর্তি প্লাস্টিকের বস্তা ফেলে উত্তর পাশের একটি গর্ত ভরাট করে ঝুঁকি নিয়ে কোনোমতে হালকা যানবাহন চলাচল করছে। তবে কোনো ভারী যানবাহন (ট্রাক ও যাত্রীবাহী বাস) চলাচল করতে পারছে না।

কালভার্টের পাশের দোকানদার আবদুল কাইয়ুম বলেন, প্রতিদিন জোয়ার ও ভাটার স্রোতে কালভার্টের দুই পাশে পানির প্রচণ্ড চাপ সৃষ্টি হয়। এতে করে কালভার্টের দুই পাশে সড়কের মাটি ধসে পড়ছে।

লেগুনাচালক আবু সায়েদ বলেন, দুই পাশে ধসের কারণে সড়কটি সরু হয়ে গেছে। এতে ওই কালভার্টের ওপর দিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে অনেক চালক ওই সড়কে যাতায়াত করছেন না।

লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, ১৮ ফুট দৈর্ঘ্যের কালভার্টটি ২০০৬ সালের দিকে নির্মাণ করা হয়। ওই সময় খালে জোয়ার-ভাটার চাপ কম ছিল। মেঘনা নদী ভেঙে কালভার্টের আধা কিলোমিটারের মধ্যে এসে পড়ায় এখন ওই খালে জোয়ার-ভাটার চাপ বেড়েছে। এ কারণে দুই পাশে সড়ক ধসে কালভার্টটি ঝুঁকির মধ্যে পড়েছে। সড়কে যানবাহন চলাচলও ব্যাহত হচ্ছে।

সড়ক ও জনপথ বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, গাছের বল্লি (খুঁটি) বসিয়ে মাটি ভর্তি প্লাস্টিকের বস্তা ফেলে সাময়িকভাবে সড়কের ধস ঠেকানোর ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি ১ কোটি ৯৫ লাখ টাকা ব্যয়ে নতুন কালভার্ট নির্মাণের জন্য পৃথক একটি প্রকল্পও গ্রহণ করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন করা গেলে সড়কটি পুরোপুরি সচল রাখা সম্ভব হবে।