গোড়ার মাটি সরিয়ে রাখায় পথচারীদের ঝুঁকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত বছর আগে নির্মিত হলেও এক রকম আড়ালেই ছিল নিউমার্কেটের ম্যুরাল। এখন সেটি দৃশ্যমান হয়েছে। গত বুধবার তোলা ছবি l প্রথম আলো
সাত বছর আগে নির্মিত হলেও এক রকম আড়ালেই ছিল নিউমার্কেটের ম্যুরাল। এখন সেটি দৃশ্যমান হয়েছে। গত বুধবার তোলা ছবি l প্রথম আলো

উত্তরা জসীমউদ্‌দীন থেকে আজমপুর বাসস্ট্যান্ড পর্যন্ত সড়কের উভয় পাশে প্রায় দুই শতাধিক গাছ ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন সেখানে ইউটার্ন নির্মাণ করবে। সে কাজের জন্য গাছগুলোর গোড়ার মাটি খোঁড়ায় এখন যেকোনো সময় গাছগুলো হেলে রাস্তার ওপর পড়ার ঝুঁকি তৈরি হয়েছে।

এলাকার একাধিক বাসিন্দা বলেন, মাটি খোঁড়ার আগে ঝুঁকির বিষয়টি ভাবা উচিত ছিল। তারা গাছের গোড়ার মাটি সরিয়ে নিয়েছে। গাছের অনেক প্রধান শেকড় কেটেছে। গাছগুলো এখন সবার জন্য বিপদের কারণ হয়ে আছে।

সরেজমিনে দেখা যায়, প্রায় তিন ফুট গভীর করে মাটি খোঁড়া হয়েছে। এতে গাছের অনেক বড় শেকড় কাটা পড়েছে। এখন ভরসা শুধু মূল শিকড়। কিছু জায়গায় ইতিমধ্যে গাছ একটু হেলে পড়েছে। গোড়ার মাটিও ফেটে গেছে।

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং দুই পাশে থাকা দুইটি পার্শ্ব রাস্তার (সার্ভিস রোডে) মাঝে পথচারী হাঁটার জায়গায় গাছগুলোর অবস্থান। এর দুই পাশ দিয়ে সমানভাবে যানবাহন ও পথচারীদের চলাচল। হঠাৎ সেখানে গাছ পড়ে গেলে দুর্ঘটনা ঘটতে পারে বলে মন্তব্য করেন পথচারী মো. জামাল খান।

উত্তরা ৪ নম্বর সেক্টরের বাসিন্দা আয়েশা আক্তার বলেন, ‘বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার সময় ভয়ে থাকি। যানজটে রিকশা থেমে থাকলে ভয়টা বেশি করে।’

বাসচালক মনির হোসেন বলেন, চলন্ত অবস্থায় কোনো গাড়ির সামনে যদি গাছ উল্টে পড়ে যায়, তাহলে বড় ধরনের দুর্ঘটনা হতে পারে। বিশেষ করে কোনো সিএনজি, প্রাইভেটকার বা মোটরসাইকেল চালকের সামনে গাছ পড়লে পরিণতি খুব খারাপ হবে। জ্যামে আটকে থাকা গাড়ির ওপর পড়লেও যাত্রীরা আহত হতে পারে।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ইউটার্ন প্রকল্পের পরিচালক, নির্বাহী প্রকৌশলী খন্দকার মাহবুব আলম বলেন, ইউটার্ন নির্মাণের জন্য উত্তরায় কিছু গাছ কাটা পড়বে। সেগুলো চিহ্নিত করা হয়েছে। তবে গাছগুলো বন বিভাগের। তাই বন বিভাগকে চিঠি দেওয়া হয়েছে গাছগুলো অপসারণের জন্য। তারা কীভাবে গাছগুলো অপসারণ করবে, তা তাদের পরিকল্পনা। হয়তো তারা গাছগুলো অন্য কোথাও স্থানান্তরও করতে পারে।

তবে ঢাকা সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা উম্মে হাবিবা প্রথম আলোকে বলেন, সিটি করপোরেশন গাছ কাটার প্রয়োজনীয়তার কথা জানানোর পর গাছ কাটার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু এর আগেই সিটি করপোরেশন তাদের কাজের সুবিধার্থে মাটি খোঁড়ার কাজ শুরু করে দেয়। এর ফলে গাছগুলো এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। তিনি বলেন, গাছ কাটার প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষ হয়েছে। আগামী সপ্তাহে গাছ কাটার কাজ শুরু হবে।