গোয়াইনঘাটে খাল দখল করে নির্মিত দোকান উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের গোয়াইনঘাট-সালুটিকর বাজার সংলগ্ন রাইখালের ওপর অবৈধভাবে নির্মাণাধীন এই দোকানঘর বুধবার সকালে উচ্ছেদ করেছে প্রশাসন
প্রথম আলো

সিলেটের গোয়াইনঘাট সালুটিকর বাজারসংলগ্ন রাইখাল দখল করে নির্মিত একটি দোকান উচ্ছেদ করা হয়েছে। আজ বুধবার সকাল আটটার দিকে গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পরিচালিত অভিযানে খালের ওপর নির্মাণাধীন দোকান উচ্ছেদ করা হয়।

অভিযানে গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম নুর হোসেনের নেতৃত্বে গোয়াইনঘাট থানার সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক শফিকুল ইসলাম খান, সালুটিকর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক জহিরুল ইসলামসহ পুলিশের একটি দল অংশ নেয়।

গত ২৬ মে আমির মিয়াকে গোয়াইনঘাটে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে তিন দিনের সময় দিয়ে দোকানঘরটি অপসারণের নোটিশ দেওয়া হয়। এরপরও তিনি নির্দেশনা মানেননি।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোয়াইনঘাট-সালুটিকর সড়কে সালুটিকর বাজারে রাইখালের ব্রিজের সঙ্গে লাগোয়া খালের সরকারি জায়গা দখল করে আঙ্গুরজুর গ্রামের আমির মিয়া অবৈধভাবে দোকান নির্মাণ করেন। নির্মাণাধীন ঘরটি অপসারণের জন্য একাধিকবার তাঁকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়। তবে তিনি তা শোনেননি। গত ২৬ মে আমির মিয়াকে গোয়াইনঘাটে সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় থেকে তিন দিনের সময় দিয়ে দোকানঘরটি অপসারণের নোটিশ দেওয়া হয়। এরপরও তিনি নির্দেশনা মানেননি।

গোয়াইনঘাটের সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম নুর হোসেন বলেন, লিখিত নোটিশ দিয়ে তিন দিনের মধ্যে নির্মাণাধীন ঘরটি অপসারণ না করায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। আমির মিয়া নোটিশ পাওয়ার পরও নির্মাণকাজ চালিয়ে যাচ্ছিলেন। সেই সঙ্গে ঘরটিতে কয়েকটি টিন লাগিয়ে মালামালও তুলেছিলেন। উচ্ছেদ অভিযান চলাকালে তিনি ঘটনাস্থলে এসে দোষ স্বীকার করেছেন। অবৈধভাবে আর কোনো ঘর নির্মাণ করবেন না বলে তিনি জানিয়েছেন।