গোয়ালন্দ ঘাটে দুই বোনের মালামাল ছিনতাই, তিন আসামি কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ছিনতাই
প্রতীকী ছবি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট এলাকা থেকে দুই বোনের ভ্যানিটি ব্যাগ, মুঠোফোনসহ মূল্যবান জিনিস ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে খোয়া যাওয়া মালামাল উদ্ধারসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন দৌলতদিয়া চেয়ারম্যান পাড়ার মো. মজিদ শেখের ছেলে সাব্বির হাসান (১৯), হোসেন মণ্ডল পাড়ার মো. আলী সরদারের ছেলে আশিক সরদার (২১) ও কিয়ামুদ্দিন মোল্লা পাড়ার আজিম শেখের ছেলে সোহেল শেখ (১৯)। আজ শনিবার দুপুরে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গতকাল শুক্রবার ভোরের দিকে খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাস দৌলতদিয়া ঘাট এলাকায় এসে যানজটে আটকা পড়ে। এ সময় বাসের যাত্রী হাসনা আক্তার (২৯) ও তাঁর বোন টিনা আক্তার (২০) দীর্ঘক্ষণ বাসে বসে থেকে ক্লান্তি অনুভব করায় গাড়ি থেকে নামেন। এ সময় চারজন ছিনতাইকারী এসে অস্ত্র ঠেকিয়ে তাঁদের কাছ থেকে ভ্যানিটি ব্যাগ, দুটি মুঠোফোন, একটি স্বর্ণের নাকফুল ও ১০ হাজার টাকা নিয়ে যান।

পরে ওই দুই নারী বিষয়টি গোয়ালন্দ ঘাট থানায় জানালে পুলিশের পরামর্শে তাঁরা অজ্ঞাত চারজনকে আসামি করে একটি মামলা করেন। এরপর গতকাল উপজেলার বিভিন্ন স্থানে দিনভর অভিযান চালায় পুলিশ। অবশেষে গতকাল রাতে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় পুলিশ তাঁদের কাছ থেকে ছিনতাই করা সব মালামাল জব্দ করে।

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, গতকাল সকালে দুই নারীর কাছ থেকে ছিনতাইয়ের অভিযোগ পাওয়ার কয়েক ঘণ্টা পর পুলিশ ছিনতাইকারীদের গ্রেপ্তার করেছে। এ ঘটনার সঙ্গে জড়িত অন্যদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।