গোয়ালন্দ ভূমি কার্যালয়ের আরও তিনজনের করোনা পজিটিভ

রাজবাড়ীর গোয়ালন্দে নতুন করে আরও তিনজন করোনাভাইরাসে (কোভিড-১৯) সংক্রমিত বলে শনাক্ত হয়েছেন। উপজেলা স্বাস্থ্য বিভাগ আজ বুধবার এ খবরের সত্যতা নিশ্চিত করে। সংক্রমিত তিনজনই উপজেলার উজানচর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত কর্মচারী। তাঁদের মধ্যে দুজনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলায় ও একজনের বাড়ি গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়া এলাকায়। এদিকে, গত ৮ জুন করোনা ‘পজিটিভ’ বলে শনাক্ত হওয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল-মামুনের দ্বিতীয় করোনা পরীক্ষার রিপোর্ট আজ ‘নেগেটিভ’ এসেছে।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ও করোনার ফোকাল পারসন সামিউল হুদা জানান, ১১ জুন উজানচর ভূমি অফিসে কর্মরতদেরসহ ১১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার মহাখালীতে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র আইসিডিডিআরবির ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়। এর মধ্যে আজ বুধবার দুপুরে তিনজনের করোনা ‘পজিটিভ’ রিপোর্ট আসে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৪৩ বছর বয়সের একজনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার জৌকুড়া, ৩০ বছর বয়সী আরেকজনের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর এবং ২৭ বছর বয়সী অপরজনের বাড়ি গোয়ালন্দ পৌরসভার কাজীপাড়া এলাকায়। তাঁদের হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হবে।
সামিউল হুদা আরও বলেন, ‘এ পর্যন্ত গোয়ালন্দ উপজেলায় মোট ৪১৮ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ৩৮১ জনের রিপোর্ট আমাদের হাতে এসে পৌঁছেছে। বাকি ৩৭ জনের রিপোর্ট এখনো হাতে এসে পৌঁছেনি। এর মধ্যে নতুন করে ৩ জন করোনা আক্রান্ত হলেন। এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩০ জন। যাঁদের মধ্যে ২৮ জনের নমুনা গোয়ালন্দ থেকে এবং ২ জনের নমুনা ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নেওয়া হয়। তিনি জানান, বর্তমানে ১৩ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন, একজন মারা গেছেন এবং বাকি সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
এর আগে ৮ জুন গোয়ালন্দের সহকারী কমিশনার (ভূমি) মো. আবদুল্লাহ আল-মামুন করোনা ‘পজিটিভ’ বলে শনাক্ত হন। এরপর থেকে তিনি সরকারি বাসায় হোম আইসোলেশনে থেকে চিকিৎসা গ্রহণ করেন। পরদিন তাঁর সংস্পর্শে থাকা পাঁচজনের করোনার নমুনা জরুরিভাবে সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে ১১ জুন কার্যালয়ের নৈশ প্রহরীর করোনা ‘পজিটিভ’ বলে রিপোর্ট আসে। সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল-মামুন গতকাল মঙ্গলবার পুনরায় করোনার নমুনা দিলে আজ বুধবার তাঁর ফলাফল ‘নেগেটিভ’ আসে। বর্তমানে তিনি সুস্থ আছেন।