গোয়ালন্দ মোড় এলাকায় চার কিলোমিটারে ট্রাকের সারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় চার কিলোমিটার দীর্ঘ ট্রাকের সারি। দুপুরে রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায়
ছবি: প্রথম আলো

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় প্রায় চার কিলোমিটার দীর্ঘ সারিতে ফেরি পারাপারের অপেক্ষায় আছে ট্রাক। আগের রাত থেকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে অপেক্ষমাণ থাকা এসব ট্রাকের চালক ও সহকারীরা বিপাকে পড়েছেন। খাবারের সমস্যা ও প্রচণ্ড গরমের কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

রোববার দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত দেখা যায়, রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের সদর উপজেলার গোয়ালন্দ মোড় এলাকায় ট্রাকগুলো দাঁড়িয়ে আছে। ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকাগামী ট্রাকগুলোও এই রাস্তায় পারাপারের জন্য সারিতে রাখা হচ্ছে। ট্রাকের সারি আলীপুর ইউনিয়নের কল্যাণপুর এলাকা পর্যন্ত পৌঁছেছে। কয়েকজন চালক ও সহকারীকে ট্রাকের ভেতরেই বিশ্রাম নিতে দেখা যায়। কেউ ট্রাকের নিচে শুয়ে ছিলেন। কেউ গল্প করছিলেন। অনেকের চোখেমুখে ক্লান্তির ছাপ। কল্যাণপুর বাজারের পূর্ব দিকে রাস্তার পাশে দেখা যায়, কয়েকজন চালক খাওয়াদাওয়া করছেন।

পিরোজপুর থেকে আসা ট্রাকের চালক মো. আলামিন বলেন, ‘রাত আটটায় এখানে এসেছি। মাত্র কয়েকটি গাড়ি পার হয়েছে। রাত থেকে পারাপারের জন্য অপেক্ষা করছি। কখন ফেরিতে উঠতে পারব, তা বলা যাচ্ছে না। এখানে খুব সমস্যায় আছি। এখানে ঘুমাতেও পারি না। আবার ঠিকমতো খাওয়াদাওয়াও করতে পারি না।’

ট্রাকের চালক হাবিবুর রহমান বলেন, ‘আমি পিরোজপুর থেকে রাত ১১টায় এসেছি। রাস্তায় খুব রোদ। রোদে গাড়িতে বসে থাকার মতো কোনো অবস্থা নেই। রোদে গাড়ি প্রচণ্ড গরম হয়ে আছে। হাত দিয়ে গাড়ির কোনো কিছু স্পর্শ করা যায় না। এ কারণে গাড়ি থেকে নেমে একটু গাছের ছায়ার আশ্রয় খুঁজি। সবচেয়ে বড় সমস্যা হলো এখানে কোনো সরকারি পায়খানা নেই। আমাদের গোসল করার জন্য কোনো ব্যবস্থা নেই। এই গরমের মধ্যে একটু গোসল করব, তার জন্য কোনো ব্যবস্থা নেই।’

মো. সোহাগ নামের এক চালক বলেন, ‘আমি ফরিদপুর থেকে এসেছি। নেত্রকোনা যাব। রাত আটটার দিকে এসেছি। এখানে খাওয়া বা গোসলের কোনো ব্যবস্থা নেই। স্থানীয় এক লোকের বাড়িতে আমাদের খাওয়ার জন্য রান্না করতে বলেছিলাম। তিনি ডিম ও ডাল রান্না করে এনেছেন। সবাই রাস্তার পাশে বসে খেয়েছি। শুনেছি ফেরিও সবগুলো চলছে। কিন্তু এত হয়রানি হওয়ার কারণ বুঝতে পারছি না।’

ট্রাফিক পুলিশের পরিদর্শক তারক চন্দ্র পাল বলেন, স্বাভাবিক সময়ে ফেরি পার হতে সাধারণত ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। নদীতে খুব স্রোত। এ কারণে এখন দ্বিগুণের বেশি সময় লাগছে। তা ছাড়া ওপারে গাড়ি ওঠানামা করার র‌্যাম্পেও সমস্যা আছে। সব মিলিয়ে গাড়ি পারাপারে অনেক সময় লাগছে।