গোয়ালন্দ মোড়ে পাঁচ কিলোমিটার এলাকায় ট্রাকের দীর্ঘ সারি
রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় ট্রাকের দীর্ঘ সারি দেখা দিয়েছে। রাত থেকে ফেরিতে পারাপারের জন্য যানবাহনগুলোকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে অপেক্ষায় রাখা হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন ট্রাকের চালক ও সহকারীরা।
আজ বুধবার সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, গোয়ালন্দ মোড় থেকে ট্রাকের সারি আলীপুর ইউনিয়নের কল্যাণপুর পাটকল এলাকা পর্যন্ত পৌঁছে গেছে।
এদিকে ঢাকা-খুলনা মহাসড়কের ঢাকাগামী ট্রাকগুলোও এই রাস্তায় পারাপারের জন্য সিরিয়ালে রাখা হয়েছে। এ সময় ট্রাকের ভেতরেই চালক ও সহকারীদের বিশ্রাম নিতে দেখা যায়। অনেকেই আবার ট্রাকের নিচে শুয়ে ছিলেন। তবে সড়কে ট্রাকের দীর্ঘ সারি থাকলেও যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, অ্যাম্বুলেন্সকে ফেরির জন্য অপেক্ষায় থাকতে হচ্ছে না।
ট্রাকচালক বাপ্পী মণ্ডল বলেন, ‘রাত আটটার দিকে এখানে এসেছি। এরপর থেকে সারা রাত ফেরি পার হওয়ার জন্য অপেক্ষা করেছি। কখন ফেরিতে উঠতে পারব জানি না। এখানে খাওয়াদাওয়ারও কোনো ব্যবস্থা নেই।’
যশোরের বেনাপোল থেকে আসা ট্রাকচালক আবদুর রহিম শেখ বলেন, রাত ১০টার দিকে তিনি রাজবাড়ী এসেছেন। প্রায় ১২ ঘণ্টা ধরে তিনি একই জায়গায় বসে আছেন। আশপাশে কোনো টয়লেটের ব্যবস্থা না থাকায় চালক ও সহকারীরা চরম সমস্যায় পড়েছেন বলে জানান তিনি।
ট্রাফিক পুলিশের পরিদর্শক তারক চন্দ্র পাল বলেন, পদ্মা নদীতে এখন অনেক স্রোত। এ ছাড়া ৫ নম্বর ফেরিঘাটের পন্টুন ওঠানোর কাজ চলছে। এতে গোয়ালন্দ মোড় কয়েক শতাধিক যানবাহন দাঁড় করিয়ে রাখা হয়েছে। তবে গাড়িগুলো শৃঙ্খলার সঙ্গে রাখা হয়েছে। নিয়মতান্ত্রিকভাবেই ফেরিতে গাড়ি ওঠানো হচ্ছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়ার সহকারী ব্যবস্থাপক খোরশেদ আলম বলেন, ঘাটে ১৬টি ফেরিই চলাচল করছে। তবে স্রোতের কারণে পারাপারে বেশি সময় লাগছে। এ ছাড়া ৪ নম্বর ঘাটে ফেরি ভিড়তে পারছে না।