গোয়ালন্দে আমীরুল একাই ৬৫০ জনের নমুনা সংগ্রহ করেছেন

গোয়ালন্দ উপজেলার স্বাস্থ্য বিভাগের দল করোনার নমুনা সংগ্রহ করছে। সম্প্রতি দৌলতদিয়া ঘাট বিআইডব্লিউটিসি কার্যালয়ের সামনে থেকে ছবিটি তোলাসংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমীরুল ইসলাম
সংগৃহীত

দেশের অন্য প্রান্ত থেকে এলাকায় ফিরেছেন এমন ব্যক্তি বা সন্দিগ্ধ ব্যক্তির বাড়িতে গিয়ে অথবা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছেন, এমন ব্যক্তিদের নমুনা সংগ্রহ করতে হচ্ছে। এরপর রয়েছে স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়মিত পরীক্ষা–নিরীক্ষার কাজ। এভাবে ব্যস্ত সময় পার করছেন রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট আমীরুল ইসলাম (৩৪)।

স্বাস্থ্য বিভাগের হিসাব মতে, এ পর্যন্ত উপজেলায় ৮৩৮ জন ব্যক্তির থেকে করোনার নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে আমীরুল ইসলাম একাই সংগ্রহ করেছেন প্রায় ৬৫০ জনের মতো।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, এ পর্যন্ত গোয়ালন্দে করোনার পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন ১৯৬ জন। তাঁদের মধ্যে চিকিৎসাধীন অবস্থায় ১ জন এবং করোনায় আক্রান্ত হওয়ার পর ৫ জন মারা গেছেন। প্রথম আক্রান্ত হন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ের পাঁচ কর্মী। পরে তাঁদের মেসের সহকারী, স্থানীয় এক কিশোরী, থানার এক পুলিশ কনস্টেবল এবং উপজেলার উজানচর নবুওছিমদ্দিন পাড়ার ১১ জন। এভাবে ধীরে ধীরে উপজেলাব্যাপী তা ছড়িয়ে পড়তে থাকে।

প্রথম দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নমুনা সংগ্রহকারী দলটিকে সপ্তাহের প্রতিটি দিন এমনকি ছুটির দিনও ছুটতে হয়েছে নমুনা সংগ্রহ করতে। এই দলে রয়েছে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) নিতাই কুমার ঘোষ, চিকিৎসা কর্মকর্তা সামিউল হুদা (করোনা ফোকাল), মেডিকেল টেকনোলজিস্ট আমীরুল ইসলামসহ কয়েকজন মাঠকর্মী। তাঁদের সার্বিক তদারকি করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ।

আমীরুল ইসলাম বলেন, ‘মুক্তিযুদ্ধ দেখিনি, তবে শুনেছি বাবা-মায়ের কাছ থেকে। দেশের মানুষ যদি ওই সময় যুদ্ধ করে দেশকে স্বাধীন করতে পারে, তাহলে আজকের এই মহামারিকে আমরা কেন মোকাবিলা করতে পারব না। এই চিন্তাধারা থেকে স্ত্রী, দুই শিশুসন্তান ও বয়স্ক মাকে ফেলে হাসপাতালেই বেশি সময় পার করছি। অথচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসংলগ্ন আমার বাসা। এ ছাড়া পরিবারের নিরাপত্তার বিষয়টিও মাথায় কাজ করে। হাসপাতাল এখন আমার আরেকটি পরিবার। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে কাজ করতে হচ্ছে। এর মধ্যে মা ও স্ত্রী করোনায় আক্রান্ত হন। বেশ কয়েক দিন শিশুসন্তানসহ পরিবারের সবাই পৃথক ছিলাম। সরকারি দায়িত্বের পাশাপাশি এখন মানুষের জন্য কিছু করতে পারাটা আমার জন্য অনেক ভালো লাগার ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। শুরুতে নমুনা নিতে গিয়ে অনেক সময় বাধার সম্মুখীন হয়েছি। তারপরও বুঝিয়ে নমুনা নিতে সক্ষম হয়েছি।’

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, ‘শুরুতে আমরা সম্মিলিতভাবে আক্রান্ত ব্যক্তির বাড়িতে গিয়ে নমুনা নিয়েছি। বর্তমানে সবাই বেশি অসুস্থ অনুভব করলে হাসপাতালে চলে আসছেন। এখন হাসপাতাল থেকেই নমুনা সংগ্রহ করা হচ্ছে। আমীরুল একাই নমুনা নিয়েছেন প্রায় ৬৫০ জনের মতো। প্রথম দিকে আমীরুল খুব ভয় পেয়েছিলেন। পরে কয়েকজনের নমুনা সংগ্রহের পর এবং মানুষের এমন অবস্থা দেখে এখন তিনি অবলীলায় সবার নমুনা সংগ্রহ করছেন। আমি তাঁর এমন কাজের প্রতি শ্রদ্ধা জানাই।’

আসিফ মাহমুদ আরও বলেন, স্বাস্থ্য বিভাগ থেকে সতর্ক করা হলেও এখন কেউ স্বাস্থ্যবিধি মানছে না। যে কারণে রাজবাড়ীসহ গোয়ালন্দ উপজেলায় করোনার প্রাদুর্ভাব বেড়েছে। বিশেষ করে গত কোরবানির ঈদের পর থেকে পরিস্থিতি এমন হয়েছে নমুনা সংগ্রহ করা ব্যক্তিদের মধ্যে গড়ে ৪০ শতাংশ পজিটিভ হিসেবে শনাক্ত হচ্ছেন।