গোয়ালন্দে করোনা টিকাদান কেন্দ্রে মানুষের ভিড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনার গণটিকা কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার সবকটি ইউনিয়ন পরিষদে টিকাদান চলছে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ চত্বরে
ছবি: এম রাশেদুল হক

দেশব্যাপী করোনার টিকাদান সম্প্রসারিত আকারে শুরু হয়েছে আজ শনিবার সকাল থেকে। অন্য এলাকার মতো রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার চারটি ইউনিয়নে আজ সকাল ৯টায় টিকাদান শুরু হয়। পরে কেন্দ্রগুলোতে টিকাপ্রত্যাশীদের ভিড় লক্ষ করা যায়।

আজ সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার উজানচর ইউনিয়ন পরিষদ কেন্দ্রে মানুষের ভিড় দেখা যায়। সেখানে কথা হয় বকারটিলা এলাকা থেকে টিকা নিতে আসা প্রবীণ ব্যক্তি আলমাছ সরদারের সঙ্গে। তিনি জানান, দুই ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। তবু টিকার কার্ড সংগ্রহ করতে পারেননি।

টিকাপ্রত্যাশী আম্বিয়া খাতুন তিন দিন ধরে ইউনিয়ন পরিষদের সেবা কেন্দ্রে ঘুরে সার্ভার জটিলতার কারণে নিবন্ধন করাতে পারেননি। তাঁর মতো অনেকেই আছেন, যাঁরা টিকার জন্য নিবন্ধন করতে পারছেন না। উজানচরের নলিয়াপাড়া থেকে টিকা নিতে এসেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. সৌরভ। তিনি জানালেন, তাঁর বয়স ২৫ বছর পার হয়েছে। বাবাকে সঙ্গে নিয়ে টিকা নিতে এসেছেন তিনি।

দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে পড়েছেন অনেক বয়স্ক নারী-পুরুষ। তাঁদের বসার কোনো ব্যবস্থা নেই। আবার টিকা নেওয়ার পর বিশ্রাম না নিয়েই লোকজন চলে যাচ্ছেন।

টিকাদান কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের স্বাস্থ্য সহকারী মো. রুবেল শেখ বলেন, তাঁরা ৩০০ ভায়াল ডোজ হাতে পেয়েছেন, যা দিয়ে ৬০০ জনকে টিকা দিতে পারবেন। সকাল ৯টার পর থেকে বেলা আড়াইটা পর্যন্ত ৩২০ জনের টিকা দেওয়া সম্ভব হয়েছে, বেলা ৩টা পর্যন্ত টিকা দেওয়ার কথা। তবে ৬০০ জনকে টিকা দিতে যতক্ষণ লাগবে, ততক্ষণ তাঁরা টিকাদান কেন্দ্রে অবস্থান করবেন।

টিকাদান কর্মসূচি সফল করতে গোয়ালন্দ ব্লাড ডোনার ক্লাবের পাঁচ সদস্যের স্বেচ্ছাসেবক দল কাজ করছে। দলের সমন্বয়কারী এনামুল হক রাহাত বলেন, যাঁরা নিবন্ধন করতে পারেননি, তাঁদের ভোটার আইডি কার্ডের তথ্যের ভিত্তিতে নিবন্ধন করে দিয়ে টিকা নিতে সহযোগিতা করছেন তাঁরা।


উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার নিয়মিত টিকাদান চলছে। এ ছাড়া উপজেলার সব কটি ইউনিয়ন পরিষদ কেন্দ্রে ৩০০ ভায়ালের মাধ্যমে ৬০০ জনকে টিকা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তবে সার্ভার জটিলতার কারণে নিবন্ধন কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে। এ কারণে ভোটার আইডি কার্ডের ভিত্তিতে হাতে লিখেই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করে টিকা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।