গোয়ালন্দে করোনা 'পজিটিভ' বিআইডব্লিউটিসির আরও ৩

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট কার্যালয়ে কর্মরত আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার তাঁদের নমুনা পরীক্ষার প্রতিবেদনে করোনা ‘পজিটিভ’ আসে। তিনজনই এখনো দৌলতদিয়া ঘাটে কর্মরত। তাঁদের আইসোলেশনে পাঠানোর প্রক্রিয়া চলছিল।
বৃহস্পতিবারের দুজন নিয়ে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের মোট পাঁচজন করোনায় আক্রান্ত হলেন। এর আগে ২৬ এপ্রিল এই কার্যালয়ের দুই কর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।
উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, ২৬ এপ্রিল শনাক্ত হওয়া দুজনই বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের টার্মিনাল তত্ত্বাবধায়ক (টিএস)। তাঁদের শরীরে করোনা শনাক্ত হওয়ায় ২৭ এপ্রিল মোট ২০ কর্মীর নমুনা সংগ্রহ করে উপজেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার বিকেলে পরীক্ষার প্রতিবেদন হাতে আসে। তাতে দেখা যায়, তিনজনের শরীরে করোনাভাইরাস আছে।
নতুন করে আক্রান্ত তিনজনের মধ্যে দুজন বিআইডব্লিউটিসির টার্মিনাল সহকারী এবং একজন উচ্চমান সহকারী (ইউডিএ)। দুজনের বয়স ৫৪ ও ৫৫ বছর। অপরজনের বয়স ৩২। তিনজনই এখনো দৌলতদিয়া ঘাটে কর্মরত।
বিষয়টি নিশ্চিত করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ বলেন, নতুন করে করোনায় আক্রান্ত তিনজনকে রাজবাড়ীতে আইসোলেশন সেন্টারে নেওয়ার প্রস্তুতি চলছে। আগে আক্রান্ত হওয়া দুজনের সংস্পর্শে ছিলেন এরা। ওই দুজন ২৩ এপ্রিল নমুনা দেওয়ার পর থেকে নিজ এলাকার হাসপাতালে আইসোলেশনে রয়েছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবায়েত হায়াত প্রথম আলোকে বলেন, বিআইডব্লিউটিসির আক্রান্ত এই পাঁচজনের পাশাপাশি আরও দুজন দৌলতদিয়ার একটি আবাসিক মেসের বাসিন্দা। ওই মেস বন্ধ করে দেওয়া হয়েছে। অপর দুজনের জন্য প্রতিদিন তিন বেলার খাবার পাঠানো হচ্ছে।