গোয়ালন্দে কলাবাগান থেকে কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার
রাজবাড়ীর গোয়ালন্দে নিজ কলাবাগান থেকে এক কৃষকের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের চর মৌকুড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. খলিল শেখ (৬০)। তিনি ওই এলাকার বাসিন্দা।
নিহত ব্যক্তির খালাতো ভাই ও গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী বলেন, খলিল শেখ নিজ বাড়িতে স্ত্রী ও পাঁচ মেয়েকে নিয়ে থাকতেন। পেশায় তিনি কৃষক।
গতকাল সন্ধ্যার দিকে স্থানীয় এক কিশোর দেখতে পায় কলাবাগানের পাশে কেউ একজন পড়ে আছেন। তার চিৎকার শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশটি খলিল শেখের বলে শনাক্ত করেন। খবর পেয়ে রাতেই রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মাঈন উদ্দিন চৌধুরীসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
নিহত ব্যক্তির জামাতা ফরহাদ সরদার বলেন, তাঁর শ্বশুরের সঙ্গে এলাকার কারও কোনো বিরোধ ছিল না। তাঁর শ্বশুর সহজ–সরল স্বভাবের মানুষ ছিলেন। কে বা কারা হত্যা করেছে, কিছুই অনুমান করতে পারছেন না তাঁরা। তিনি হত্যাকারীদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার বলেন, গতকাল রাত ১০টার দিকে কৃষক খলিল শেখের লাশ কলাবাগান থেকে উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে গতকাল রাতেই লাশটি ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত থানায় কোনো মামলা করা হয়নি। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি, তবে অপরাধীদের ধরতে পুলিশ কাজ শুরু করেছে।