গোয়ালন্দে খেলতে গিয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে মিতু আক্তার (৫) নামের একটি শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের কাশিমা গ্রামের নিজ বাড়ির আঙিনার পুকুরে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া মিতু আক্তার কাশিমা গ্রামের নাজির মোল্লার মেয়ে। এ সময় মিতুকে বাঁচাতে পুকুরে নেমে প্রতিবেশী রতন চৌধুরীর মেয়ে নাদিবা অসুস্থ হয় পড়ে। তবে সে এখন শঙ্কামুক্ত।

স্থানীয় বাসিন্দা ইমদাদুল হক বলেন, মঙ্গলবার সন্ধ্যার আগমুহূর্তে মিতু ও নাদিবা মিলে বাড়ির আঙিনায় বসে খেলছিল। একপর্যায়ে প্রতিবেশী সালাম চৌধুরীর পুকুরের পানিতে পড়ে যায় মিতু। তা দেখে খেলার সঙ্গী নাদিবা তাকে উদ্ধার করতে গিয়ে সেও পানিতে পড়ে যায়। পরে নাদিবার চিৎকার শুনতে পেয়ে স্থানীয় এক নারীসহ লোকজন দ্রুত এগিয়ে এসে তাদের উদ্ধার করেন। নাদিবাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হলেও মিতুকে অনেকটা নিস্তেজ অবস্থায় উদ্ধার করা হয়। নাদিবাকে বাড়িতে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে তোলা হয়। অপর দিকে শিশু মিতুকে তাৎক্ষণিক গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইমদাদুল হক বলেন, মিতুর বাবা ঢাকায় একটি পরিবারের ব্যক্তিগত গাড়িচালক। তার দুই মেয়ের মধ্যে মিতু সবার ছোট। সন্ধ্যার পর লাশ বাড়িতে নিয়ে আসা হয়।