গোয়ালন্দে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
রাজবাড়ীর গোয়ালন্দে ট্রেনে কাটা পড়ে জয়দার মণ্ডল (৯৫) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা পৌনে তিনটার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের গোয়ালন্দ রেলগেট এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।
নিহত জয়দার মণ্ডল উপজেলার উজানচর ইউনিয়নের পশ্চিম উজানচর শ্রীদাম দত্তপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী কয়েক ব্যক্তি জানান, কুষ্টিয়ার পোড়াদহ থেকে ছেড়ে আসা দৌলতদিয়া ঘাটগামী শাটল ট্রেনটি আজ বেলা আড়াইটার দিকে গোয়ালন্দ রেলগেট এলাকা অতিক্রম করছিল। রেলগেটে দায়িত্বরত গেটম্যান যথারীতি প্রতিবন্ধক বার ফেলে মহাসড়ক বন্ধ করে দিয়েছিলেন। জয়দার মণ্ডল রেলগেট–সংলগ্ন স্থানীয় চায়ের দোকানে যাচ্ছিলেন। রেললাইন পার হওয়ার সময় শাটল ট্রেনের সঙ্গে তিনি ধাক্কা খান। মুহূর্তেই রেললাইনে পড়ে তাঁর হাত ও পায়ের অংশ কাটা গেলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
জয়দার মণ্ডল প্রতিদিন তিন বেলা চা পান করতে বাড়ি থেকে রেলগেট এলাকার চায়ের দোকানে যেতেন। অনেক বয়স হওয়ায় তিনি কানে কম শুনতেন।
নিহত ব্যক্তির ভাতিজা মো. আইয়ুব মণ্ডল বলেন, ‘কাকা প্রতিদিন তিন বেলা চা পান করতে বাড়ি থেকে রেলগেট এলাকার চায়ের দোকানে যেতেন। দুপুরের খাবার খেয়ে তিনি চা পান করতেই রেলগেট–সংলগ্ন মুদিদোকানে যাচ্ছিলেন। অনেক বয়স হওয়ায় তিনি কানে কম শুনতেন।’
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে রাজবাড়ী জিআরপি থানার ওসি মো. মাসুদ আলম বলেন, খবর পেয়ে রেলওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গেছে। এ ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপের প্রস্তুতি চলছে।