গোয়ালন্দে দাঁড়িয়ে থাকা গাড়িতে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে দাঁড়িয়ে থাকা বিকল ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই ব্যক্তির নাম মো. রায়হান উদ্দিন (৪০)। তিনি ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের কম্পিউটার অপারেটর। এ ঘটনায় দুজন গুরুতর আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল রোববার রাতে ফরিদপুর থেকে মোটরসাইকেলে তিন ব্যক্তি গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটের দিকে যাচ্ছিলেন। তাঁরা উপজেলার উজানচর ইউনিয়নের নবুছিমদ্দিন পাড়ার স্থানীয় মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সামনে পৌঁছালে একটি বিকল ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে।

এতে তিন মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রায়হান উদ্দিনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অন্য দুজনকে তাৎক্ষণিকভাবে ফরিদপুরে স্থানান্তর করা হয়।

আহ্লাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, ঢাকা থেকে আসা পণ্যবাহী ট্রাকটি রাজবাড়ীর দিকে যাচ্ছিল। পথে ট্রাকটি বিকল হওয়ায় সেটি মহাসড়কের পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় ফরিদপুর থেকে আসা তিনটি মোটরসাইকেল ওই ট্রাককে ধাক্কা দেয়। গতকাল রাতেই নিহত ব্যক্তির লাশ পরিবার নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।