গোয়ালন্দে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণের মামলায় যুবক গ্রেপ্তার
রাজবাড়ীর গোয়ালন্দে দ্বিতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (১০) ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে গোয়ালন্দ ফেরিঘাট এলাকা থেকে ওই যুবককে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ওই যুবকের নাম বকুল শেখ (৪০)। তিনি গোয়ালন্দ উপজেলার বাসিন্দা এবং পেশায় ব্যাটারিচালিত অটোরিকশাচালক। এর আগে আজ সকালে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বকুল শেখকে একমাত্র আসামি করে গোয়ালন্দ ঘাট থানায় মামলা করেছেন।
মামলা সূত্রে জানা গেছে, গত বুধবার দুপুরে ওই ছাত্রী গোসল করার জন্য দৌলতদিয়ার ৪ নম্বর ফেরিঘাটের কাছে যায়। সেখানে বকুল শেখ কৌশলে ওই ছাত্রীকে ডেকে নিয়ে পদ্মা নদীতে নৌকার মধ্যে ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে না জানানোর জন্য ওই ছাত্রীকে ভয়ভীতি দেখান বকুল শেখ। ভয় পেয়ে ওই ছাত্রী বিষয়টি গোপন করে রাখে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই ছাত্রীর মা নদীতে গোসল করতে গেলে গ্রামের এক নারীর কাছ থেকে ধর্ষণের বিষয়টি জানতে পারেন। পরে ওই ছাত্রীর মা বাড়ি ফিরে মেয়েকে জিজ্ঞাসাবাদ করলে সে ঘটনার বিস্তারিত তার মাকে জানায়।
ওই ছাত্রীর বাবা বলেন, ৬ এপ্রিল রাতে তিনি বাড়ি ফিরে দেখেন, তাঁর মেয়ে চুপচাপ হয়ে গেছে। শরীর খারাপের কথা বলে গতকাল সে স্কুলেও যায়নি। শরীর খারাপ ভেবে তিনিও কিছু বলেননি। তবে গতকাল রাতে তাঁর স্ত্রী ফোন করে কান্নাকাটি করে তাঁকে দ্রুত বাড়িতে ফিরতে বলেন। পরে তিনি বাড়িতে ফিরে ধর্ষণের ঘটনার বিস্তারিত জানতে পারেন।
জানতে চাইলে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার প্রথম আলোকে বলেন, আজ সকালে স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর স্থানীয় লোকজনের সহযোগিতায় বকুল শেখকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে বকুল শেখকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমনে আইনে একটি মামলা করেছেন।
ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ওই ছাত্রীর শারীরিক পরীক্ষা করানোর জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে আজ রাজবাড়ীর আদালতে পাঠানো হবে।