গোয়ালন্দে পদ্মার ইলিশের আমদানি কম, দাম বেশি
সাগর ও নদ-নদীতে ইলিশ মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হয়েছে। গতকাল সোমবার মধ্যরাত থেকেই জেলেরা পদ্মা নদীতে পুরোদমে ইলিশ শিকারে নেমেছেন। কিন্তু আশানুরূপ ইলিশ ধরা না পড়ায় হতাশ তাঁরা। এদিকে রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়া ঘাটে মাছের আমদানি কম হলেও দাম বেশি বলে অভিযোগ করছেন ব্যবসায়ীরা।
আজ মঙ্গলবার সকালে দৌলতদিয়া ঘাট বাজার ঘুরে দেখা যায়, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর জেলে ও মাছ ব্যবসায়ীদের আনাগোনায় বাজার আবার আগের চেহারা ফিরে পেয়েছে। পদ্মা নদী থেকে জেলেরা মাছ শিকার করে ছোট ছোট ঝুড়িতে বাজারে আনছেন। এরপর ব্যবসায়ীদের আড়তে এনে মাছগুলো নিলামে তোলা হচ্ছে। প্রতিবছর নিষেধাজ্ঞার পর ইলিশের ব্যাপক আমদানি হলেও এ বছর অর্ধেকও নেই।
বাহিরচর দৌলতদিয়া থেকে ঝুড়িতে অল্প কটি ইলিশ নিয়ে বাজারে এসেছেন জেলে আনোয়ার ফকির। তিনি বলেন, ২২ দিন পর অনেক আগ্রহ নিয়ে গতকাল রাতে নদীতে নেমে অনেকটা হতাশ হয়েছেন। গত বছর এই সময় তিনি ঝুড়ি ভরে ইলিশ নিয়ে বাজারে এসেছিলেন। অথচ এবার সারা রাত নদীতে থাকার পরও ঝুড়ির অর্ধেক ভরেনি।
এবার মাছের আমদানি কম থাকায় বেশি দরে নিলাম ডাকতে হচ্ছে বলে জানান আড়তদার ও ব্যবসায়ীরা। আড়তদার হজরত শেখ জানান, ২০০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশ পাইকারি ৪০০ থেকে ৫০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ৫০০ থেকে ৭০০ গ্রাম ওজনের ইলিশ ৮০০ থেকে ৯০০ টাকা দরে বিক্রি হচ্ছে। ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে ৮০০ গ্রাম থেকে ১ কেজি ওজনের ইলিশ। ১ হাজার ২০০ গ্রাম থেকে দেড় কেজি ওজনের ইলিশ ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৮০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ এলাকা থেকে মাছ কিনতে আসা মনির হোসেন বলেন, প্রতিবছর নিষেধাজ্ঞার পরদিন বাজারে অনেক ইলিশ থাকে। স্বাভাবিকভাবে দামও অনেক কম থাকে। এবারও সেই আশায় সকাল সকাল বাজারে আসেন তিনি। কিন্তু আকাশচুম্বী দাম হওয়ায় খালি হাতেই ফিরে যেতে হচ্ছে বলে জানান তিনি।
পাইকারি দরে ইলিশ কিনে ডালায় খুচরা বিক্রি করছেন সোহেল মিয়া ও মাসুদ মোল্লা নামের দুই ব্যবসায়ী। তাঁরা জানান, বড় ইলিশ কেজিতে ৪০০ থেকে ৫০০ টাকা করে দামের পার্থক্য রয়েছে। ১ কেজি ৭০০ গ্রাম ওজনের একটি ইলিশ পাইকারি ১ হাজার ৮০০ টাকা দরে কিনতে হয়েছে। গত বছর এ ধরনের ইলিশ ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা দরে কিনেছেন তাঁরা।
দৌলতদিয়া ঘাট বাজার ব্যবসায়ী পরিষদের সভাপতি মো. মোহন মণ্ডল বলেন, সাধারণত প্রতিবছর নিষেধাজ্ঞা শেষে জেলেরা অনেক ইলিশ পান। বাজারেও মাছের আমদানি বেশি থাকে। অন্যান্য বছর প্রতিদিন বাজারে ১০০ থেকে ১৫০ মণ ইলিশ বিক্রি হতো। এ বছর অর্ধেক মাছও বাজারে ওঠেনি। এ বছর নদীতে মাছের পরিমাণ অনেক কম বলে মনে হচ্ছে। তিন থেকে চার দিন ধরে নদীতে পানি বাড়তে থাকায় মাছ তেমন পাওয়া যাচ্ছে না। কয়েক দিন পর ভাটির অনেক জেলায় নদীতে প্রচুর পরিমাণে জাল ফেলা হবে। তখন এ অঞ্চলে মাছের সংকট আরও বাড়বে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি।