পদ্মার পাড় কেটে বালুমাটি বিক্রি বন্ধে রাস্তা আটকে দিলেন এলাকাবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পদ্মার পাড়ে গভীর গর্ত করে বালু–মাটি কেটে বিক্রি বন্ধে ট্রাক চলার রাস্তা বাঁশ দিয়ে আটকে দিয়েছেন এলাকাবাসী। শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহির চর ছাত্তার মেম্বার পাড়ায়
প্রথম আলো

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীর পাড় কেটে বালুমাটি বিক্রি বন্ধে রাস্তা বাঁশ দিয়ে আটকে দিয়েছেন এলাকাবাসী। আজ শুক্রবার দুপুরে এ কাজে থানা-পুলিশও এলাকাবাসীকে সহযোগিতা করে। একই সঙ্গে গ্রামের লোকজন বালুমাটি কাটা বন্ধের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই সপ্তাহ ধরে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের সদস্যরা উপজেলার বাহিরচর ছাত্তার মেম্বারপাড়া থেকে বালুমাটি কেটে নিয়ে যাচ্ছেন। প্রতিদিন ১০০ থেকে ১৫০ ট্রাক বালুমাটি কেটে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন অঞ্চলে বিক্রি হচ্ছে।

আজ দুপুরে সরেজমিন দেখা যায়, বাহির চর ছাত্তার মেম্বারপাড়ার পাশ দিয়ে পদ্মা নদীর পাড় ধরে বালুমাটি বহনের বেশ কয়েকটি ট্রাক রাখা। এসব ট্রাক আনা-নেওয়ার জন্য রাস্তা তৈরি করা হয়েছে। রাস্তার শুরুতেই গ্রামের লোকজন বাঁশ দিয়ে আটকে দিয়েছেন।

দুই সপ্তাহ ধরে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের সদস্যরা পদ্মা পাড় থেকে প্রতিদিন ১০০ থেকে ১৫০ ট্রাক বালুমাটি কেটে গোয়ালন্দ উপজেলার বিভিন্ন অঞ্চলে বিক্রি করেছেন।

এলাকাবাসী জানান, ফেরিঘাট এলাকায় নাব্যতাসংকট দূর করতে সম্প্রতি বিআইডব্লিউটিএ খনন করা বালুমাটি ভাঙন ঠেকাতে ছাত্তার মেম্বারপাড়ার পদ্মার পাড়ে ফেলে। স্থানীয় মোহন মণ্ডল, তাঁর ভাই মুসা মণ্ডল, নিলু মণ্ডল, আইয়ুব মণ্ডলসহ তাঁদের পরিবার সেখানে থাকা জমির মালিকানা দাবি করে দীর্ঘদিন ধরে মাটি কেটে অন্যত্র বিক্রি করছেন। এ থেকে প্রতিদিন তাঁরা লক্ষাধিক টাকা হাতিয়ে নিচ্ছেন। আজ দুপুরের দিকে গ্রামের লোকজন মাটি কাটায় বাধা দিলে ট্রাকচালক ও সহকারীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। খবর পেয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসিসহ পুলিশ সদস্যরা সেখানে অভিযান চালান। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাটি কাটা বন্ধ করে গাড়ি ও খননযন্ত্র ফেলে সবাই পালান। স্থানীয় ইউপি সদস্য আবুল কাসেম খান পুলিশের সহযোগিতায় গ্রামবাসীকে নিয়ে ৭ নম্বর ফেরিঘাট এলাকায় মাটি কাটার রাস্তা বাঁশ দিয়ে বন্ধ করেন। পরে গ্রামের নারী-পুরুষ সবাই নদীর পাড়ে মানববন্ধন করেন।

পদ্মার পাড়ে গভীর গর্ত করে বালু–মাটি কেটে বিক্রি করছে একটি চক্র। মাটি আনা–নেওয়ার জন্য করা হয়েছে রাস্তা। শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহির চর ছাত্তার মেম্বার পাড়ায়
প্রথম আলো

স্থানীয় খৈয়মদ্দিন প্রামাণিক বলেন, ‘ভাঙন ঠেকাতে নদীর পাড় দিয়ে বর্ষাকালে বালুভর্তি জিও ব্যাগ ফেলা হয়। বেশ কিছুদিন ধরে স্থানীয় প্রভাবশালী চক্র বস্তা সরিয়ে রাস্তা করে ভেকু দিয়ে মাটি কেটে নিচ্ছে। মাটি কাটার কারণে আমাদের গ্রাম সম্পূর্ণ ভাঙন ঝুঁকিতে রয়েছে। মাটি কাটা বন্ধ না হলে বর্ষাকালে গ্রামটি ভাঙনের কবলে পড়বে।’

গ্রামের সিনবাদ মণ্ডল বলেন, দেবগ্রামের বাহির বেথুরী গ্রামে তাঁর বাড়ি ছিল। ৯ বছর আগে ভাঙনে সব হারিয়ে গেলে এই ছাত্তার মেম্বারপাড়ায় আসেন। ১০ থেকে ১২ দিন ধরে প্রভাবশালীরা মাটি কাটছেন। মাটি কাটায় এই গ্রামটিও ভাঙনের ঝুঁকিতে পড়ছে। গ্রামের আবদুর রাজ্জাক ব্যাপারী বলেন, ‘প্রতিদিন ১৫০ থেকে ২০০ ট্রাক মাটি বিক্রি হচ্ছে। গ্রামের অনেকে তাঁদেরকে বারণ করলেও কে কথা শুনে। ভয়ে আমরা অনেক কিছুই বলতে পারি না। প্রশাসন মাঝেমধ্যে এসে হানা দেয়। তখন মাটি কাটা বন্ধ হয়। প্রশাসনের লোকজন চলে গেলে আবারও মাটি কাটা শুরু হয়।’

পদ্মা নদীর পাড়ে গভীর গর্ত করে বালু–মাটি কেটে আনা–নেওয়ার জন্য করা হয়েছে রাস্তা। এতে গ্রামটি ভাঙন ঝুঁকিতে পড়েছে। শুক্রবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহির চর ছাত্তার মেম্বার পাড়ায়
প্রথম আলো

স্থানীয় ইউপি সদস্য আবুল কাসেম খান বলেন, অবৈধভাবে মাটি খননের কারণে আবদুস সাত্তার মেম্বারপাড়ার ২০০ পরিবার ভাঙন ঝুঁকিতে রয়েছে। প্রতিদিন প্রায় ১০০ ট্রাক মাটি কাটছে। গাড়িপ্রতি ৮০০ থেকে ১ হাজার টাকা করে বিক্রি করলে গড়ে প্রতিদিন প্রায় ৮০ হাজার থেকে লাখ টাকার মাটি বিক্রি হয়। মাটি যাতে আনা-নেওয়া করতে না পারে, গ্রামবাসীর দাবিতে পুলিশের সহযোগিতায় ৭ নম্বর ফেরিঘাটের কাছে রাস্তার মাথায় বাঁশ দিয়ে আটকে দিয়েছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জমির মালিক দাবি করা মোহন মণ্ডল বলেন, ‘এটা আমাদের বাপ-দাদার সম্পত্তি। শুধু আমি একা নই। মুসা মণ্ডল, নিলু মণ্ডল, আইয়ুব মণ্ডলসহ শরিকানা সবার জমি। আমাদের নিজেদের জমি থেকে মাটি বিক্রি করছি। মাটি নিতে স্থানীয় উম্বার পত্তনদার, বেলায়েত মণ্ডল, জিলাল মোল্লারা অনেক আগেই রাস্তা করেছেন।’

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ আল তায়াবীর বলেন, শুক্রবার দুপুরে বাহির চর ছাত্তার মেম্বারপাড়ার লোকজনের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখেন, মাটি কাটার মহোৎসব চলছে। পুলিশ দেখে ট্রাকচালকেরা পালিয়ে যান। একটি গাড়ির কাগজপত্র না পাওয়ায় আটক করা হয়েছে। যেভাবে জিও ব্যাগ সরিয়ে ভেকু দিয়ে কেটে মাটি বহনকারী ট্রাক আনা-নেওয়া করতে রাস্তা করা হয়েছে, তাতে বর্ষাকালে গ্রামটি ভাঙন ঝুঁকিতে পড়ার আশঙ্কা রয়েছে।