গোয়ালন্দে মহাসড়কের পাশে গাছের গুঁড়ির চাপায় শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

রাজবাড়ীর গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে কেটে রাখা গাছের গুঁড়ির চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলার রমজান মাতব্বর পাড়া এলাকায় মোস্তফা মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম চুমকি আক্তার (১২)। সে উপজেলার উজানচর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের রমজান মাতুব্বর পাড়া গ্রামের খোকন শেখের মেয়ে ও স্থানীয় নবুওসিমদ্দিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা-খুলনা মহাসড়ক সম্প্রসারণের জন্য কয়েক দিন ধরে সামাজিক বনায়নের গাছ কেটে মহাসড়কের পাশে স্তূপ করে রাখা হয়েছিল। স্তূপের মধ্য থেকে একটি গাছের ডাল আংশিক বের হয়ে ছিল। আজ সকালে চুমকি ওই ডাল টেনে বের করার জন্য টান দিলে স্তূপ করা গাছের বড় একটি গুঁড়ি গড়িয়ে পড়ে। এ সময় চুমকি ওই গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

উজানচর ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য মো. আবুল হোসেন বলেন, গাছ কাটার পর তা স্তূপ করে রাখার ব্যাপারে কর্তৃপক্ষের আরও সতর্ক হওয়া উচিত ছিল। এ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) শাহ মো. শরীফ বলেন, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পাওয়া অবস্থায় ওই শিশুকে হাসপাতালে আনা হয়েছিল। তাকে চিকিৎসা দেওয়ার পাশাপাশি ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের কাজ চলছিল। এ অবস্থায় শিশুটির মৃত্যু হয়।

এ দুর্ঘটনার ব্যাপারে রাজবাড়ী বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুজ্জামান বলেন, ‘আমরা ঠিকাদারি প্রতিষ্ঠানকে সতর্কতার সঙ্গে গাছ কাটতে বলেছি। তারা সাধারণত সড়কে লাল নিশানা উড়িয়ে গাছ কেটে থাকে। তবে কাটা গাছের গুঁড়িগুলো সড়কের পাশে স্তূপ করে রাখা ছিল। সেখানে শিশুটি জ্বালানি সংগ্রহ করতে গেলে এ দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে ঠিকাদারের লোকজনের সঙ্গে স্থানীয়ভাবে বসে সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।’