গোয়ালন্দে মায়ের নামে দৃষ্টিনন্দন মসজিদ বানালেন নায়িকা রোজিনা

রাজবাড়ীর গোয়ালন্দে প্রায় দুই কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন এ মসজিদটি নির্মাণ করেছেন বাংলা চলচ্চিত্রের নায়িকা রোজিনাছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নিজস্ব অর্থায়নে দৃষ্টিনন্দন একটি মসজিদ নির্মাণ করেছেন বাংলা চলচ্চিত্রের নায়িকা রোজিনা। আজ শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করা হয়। গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ায় প্রায় ৭ শতাংশ জায়গার ওপর ১ হাজার ৬০০ বর্গফুটের দৃষ্টিনন্দন এ মসজিদ রোজিনার মায়ের নামে নামকরণ করা হয়েছে। মসজিদটির নাম দেওয়া হয়েছে ‘দশগম্বুজ মা খাদিজা জামে মসজিদ’।

চিত্রনায়িকা রোজিনা জানান, তাঁর গ্রামের বাড়ি রাজবাড়ী সদর উপজেলার ভবানীপুরে। গোয়ালন্দ তাঁর নানার বাড়ি। তাঁর অধিকাংশ সময় কেটেছে গোয়ালন্দে। এখানেই বড় হয়েছেন তিনি। বাড়ির বড় সন্তান হিসেবে এই জমি তাঁর মায়ের নামে দেন নানা। মায়ের সূত্র ধরে তিনি জমির মালিক হন। দেশ-বিদেশে ঘুরে বেড়ানোর সময় দৃষ্টিনন্দন বহু ধর্মীয় প্রতিষ্ঠান দেখেন তিনি। তখনই সিদ্ধান্ত নেন মায়ের নামে গোয়ালন্দে একটি মসজিদ গড়ে তুলবেন।

রোজিনা বলেন, ২০১৯ সালে মসজিদের জন্য জমিটি ওয়াকফ করে দেন তিনি। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি নির্মাণকাজ শুরু হয়। দুটি মিনারসহ ১০টি গম্বুজ দিয়ে মসজিদটি বানানো হয়েছে। মসজিদটির নির্মাণে প্রায় পৌনে দুই কোটি টাকা খরচ হয়েছে। মসজিদের কাজ শেষ হওয়ার পর মায়ের নামে গোয়ালন্দে একটি চক্ষু হাসপাতাল করার ইচ্ছা আছে তাঁর। এ জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

চিত্রনায়িকা রোজিনার মায়ের নামে গোয়ালন্দে স্থাপন করা মসজিদটি আজ শুক্রবার উদ্বোধন করা হয়
ছবি: প্রথম আলো

চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘নায়িকা রোজিনার এমন মহৎ কাজ দেখে আমি নিজেই বিস্মিত। তিনি তাঁর মায়ের নামে এমন সুন্দর একটি মসজিদ করেছেন। মুসলমান হয়েই আমাদের মরতে হবে। আখিরাতের জন্য আমরা কী করে গেলাম, তা সবারই ভাবা দরকার।’

মসজিদটির উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাংসদ ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, পৌরসভার মেয়র নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার, পৌরসভার সাবেক মেয়র শেখ মো. নিজাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহমান মণ্ডল প্রমুখ।