গোয়ালন্দে সাংবাদিকসহ ৪ জনের করোনা শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আজ শনিবার এক সাংবাদিক, তাঁর স্ত্রীসহ চারজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আক্রান্ত সবাইকে নিজ বাড়িতেই আইসোলেশনে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। এ নিয়ে গোয়ালন্দে মোট ৩৭ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ জানান, ১৫ জুন ওই সাংবাদিক, তাঁর স্ত্রীসহ গোয়ালন্দ উপজেলার মোট ২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়। আজ পরীক্ষার ফলাফল আসে। তাতে ওই সাংবাদিক, তাঁর স্ত্রীসহ চারজনের করোনা পজিটিভ আসে। আক্রান্ত ব্যক্তিদের সংস্পর্শে আসা সবার শরীর থেকে নতুন করে নমুনা সংগ্রহ করা হবে।
আসিফ মাহমুদ আরও জানান, গোয়ালন্দে এ পর্যন্ত মোট ৪২৫ জনের কাছ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে ৩৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। তাঁদের মধ্যে ২৯ জন সুস্থ হয়েছেন। একজন শিক্ষক মারা গেছেন।