গোয়ালন্দে 'বৈশাখী ইলিশের' ছড়াছড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাতিলে করে বিক্রি হচ্ছে নিম্নমানের ইলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার উজানচর থেকে ছবিটি তোলা হয়েছে। ছবি: এম রাশেদুল হক।
পাতিলে করে বিক্রি হচ্ছে নিম্নমানের ইলিশ। গতকাল মঙ্গলবার উপজেলার উজানচর থেকে ছবিটি তোলা হয়েছে। ছবি: এম রাশেদুল হক।

প্রতিবছর বৈশাখ আসার আগেই রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার গ্রামগঞ্জে, এমনকি বাজারে ঝুড়িতে করে ‘ইলিশ’ বিক্রি করতে দেখা যায়। ইলিশের উৎপাদন বাড়াতে বৈশাখে ইলিশ বেচাকেনা বিভিন্ন মহল থেকে নিরুৎসাহিত করা হলেও হরহামেশা এর বিক্রি চলছেই। এবারও পয়লা বৈশাখ সামনে রেখে সিলভারের বড় বড় পাতিলে ইলিশ ভরে মাথায় নিয়ে ঘুরে বিক্রি করতে দেখা যাচ্ছে। এর মধ্যে ওমান ও মিয়ানমারের সামুদ্রিক ইলিশের দেখা মিলছে বেশি। ইলিশের বিকল্প স্বাদ পাওয়ায় অনেকে এসব মাছ তুলনামূলক কম দামে কিনে নিচ্ছেন।

তবে সংশ্লিষ্টদের মতে, স্বাদ কিছুটা ইলিশের মতো হলেও সেগুলো আসলে সামুদ্রিক মাছ। ইলিশ ভেবে লোকজন তা কিনে প্রতারণার শিকার হচ্ছেন।

খোঁজ নিয়ে দেখা যায়, গোয়ালন্দ বাজারসহ উপজেলার বিভিন্ন গ্রামগঞ্জে মাথায় পাতিলে করে ‘ইলিশ’ ‘ইলিশ’ বলে ডাকতে দেখা যায় বিক্রেতাদের। বৈশাখ ঘিরে চৈত্র মাসের শেষ দিকে বিভিন্ন স্থান থেকে আসা এসব অতিথি বিক্রেতার আনাগোনা বাড়ে। তাঁদের অধিকাংশের বাড়ি ফরিদপুরের ভাঙ্গা, মাদারীপুর ও কুমিল্লা অঞ্চলে। তাঁদের কাছে মিয়ানমার থেকে আসা ইলিশের আধিক্য বেশি। আবার কিছু চাঁদপুর বা চট্টগ্রাম অঞ্চলের মৌসুমের সময় বাতিল হওয়া ইলিশ। অত্যন্ত নিম্নমানের এসব ইলিশের দাম তুলনামূলক কম হওয়ায় এবং বৈশাখ ঘিরে অধিক মুনাফার আশায় এসব অঞ্চলে দলবদ্ধ হয়ে বিক্রেতারা আসেন। বৈশাখ শেষে নিজ এলাকায় ফিরে যান অতিথি বিক্রেতারা।

পাতিল করে নিয়ে আসা ইলিশ কিনে নিচ্ছেন ক্রেতারা। গতকাল মঙ্গলবার উপজেলার উজানচর থেকে ছবিটি তোলা হয়েছে। ছবি: এম রাশেদুল হক।
পাতিল করে নিয়ে আসা ইলিশ কিনে নিচ্ছেন ক্রেতারা। গতকাল মঙ্গলবার উপজেলার উজানচর থেকে ছবিটি তোলা হয়েছে। ছবি: এম রাশেদুল হক।

ফরিদপুরের ভাঙ্গা থেকে আসা জাহাঙ্গীর আলম জানান, ১০-১২ দিন ধরে তাঁরা নয়জনের একটি দল এখানে এসেছে। এর মধ্যে দু-তিনজন এক দিন পরপর বাইরে যান ইলিশ আনতে। এরপর মাথায় সিলভারের পাতিলে করে গ্রামগঞ্জ ঘুরে বিক্রি করে থাকেন। কেউ মাছ কেটে আবার কেউ হালি হিসেবে বিক্রি করে থাকেন। ২০০ টাকা হালি দরে কিনে এনে তিনি প্রতিদিন ২২-২৩ হালি ইলিশ ৩৫০ থেকে ৪৫০ টাকা হালি হিসেবে বিক্রি করছেন। তাঁর মতো অন্য বিক্রেতারা গোয়ালন্দের বিভিন্ন অঞ্চলে ঘুরে বিক্রি করছেন। বিক্রি শেষে সন্ধ্যায় ফিরে যাবেন ভাঙ্গায়। সেখান থেকে পরদিন ভোরে মাছ কিনে পুনরায় ফিরে আসবেন।

কিশোরগঞ্জ থেকে আসা বিক্রেতা আবদুস সালাম তাঁর ইলিশকে ভৈরবের বলে দাবি করেন। তিনি বলেন, আকারে ছোট হওয়ায় ও ওজন মাপার বাটখারা না টানার সুবিধার্থে মাছ কেটে বিক্রি করছেন। তাঁরা ৪০ জনের মতো সবাই ঘুরে ঘুরে ইলিশ বিক্রি করছেন। জামাল শেখ, শাহিন শেখ, হানিফ সরদার নামের বিক্রেতারা প্রতিদিন ভোরে গোয়ালন্দ থেকে এই মাছ কিনে আনেন। পরে মাছগুলো সুন্দর আকৃতিতে কেটে গ্রামাঞ্চলে খুচরা হকারদের দিয়ে বিক্রি করেন।

উপজেলার কয়েকজন আড়তদার জানান, ওমান ও মিয়ানমার থেকে কলম্বো, লাচ্চু, চকড়ি, চন্দনী নামের সামুদ্রিক মাছ এই অঞ্চলে আসছে। বৈশাখে ইলিশের দাম হাতের নাগালের বাইরে যাওয়ায় অনেকটা ইলিশের মতো দেখতে এমন সামুদ্রিক মাছ গ্রামের সাধারণ মানুষ হরহামেশা কিনছেন। প্রতিদিন প্রায় ১০০ মণের মতো মাছ গোয়ালন্দে নামে। এর মধ্যে চকড়ি ও চন্দনীকে কখনো ভৈরব, চট্টগ্রাম বা চাঁদপুরের ইলিশ বলে চালান বিক্রেতারা। বর্তমানে এসব মাছের সুদৃশ্য প্যাকেটে ওজনে অনেকটা কম আসার অভিযোগ রয়েছে। বর্তমানে প্রতি ১০ কেজির প্যাকেট বিক্রেতারা নয় কেজি বা তারও কম পাচ্ছেন।

গোয়ালন্দের মৎস্য ব্যবসায়ী বাদল বিশ্বাস বলেন, ‘১০ কেজি ওজনের প্রতি প্যাকেট মাছ ৩ হাজার ৫০০ টাকা দরে খুলনা থেকে কিনে এখানে বিক্রি করে থাকি। এসব মাছ বাজারে খুচরা চার হাজার থেকে সাড়ে চার হাজার টাকায় বিক্রি হয়। কিছু ব্যক্তি সামুদ্রিক মাছ লাচ্চুকে কোল্ড স্টোরের ইলিশ বলে বিক্রি করছে। দেশীয় যেসব মাছ পাওয়া যায়, এগুলো মৌসুমের সময় বাতিলকৃত, যা কোল্ড স্টোরে রাখা ছিল। ১৪০ থেকে ১৫০ টাকা দরে কিনে ২৫০ থেকে ৩০০ টাকায় বিক্রি হচ্ছে সেসব মাছ।’ তিনি জানান, দেশি মাছের চেয়ে মিয়ানমারের ইলিশ কেজিপ্রতি ১০০ টাকা কম।

উপজেলার ভারপ্রাপ্ত জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সাঈদ আহমেদ জানান, ইলিশ বলে যেসব মাছ গ্রামগঞ্জে বিক্রি হচ্ছে, তার অধিকাংশ সামুদ্রিক মাছ। অনেকটা ইলিশের মতো স্বাদ পাওয়ায় সাধারণ মানুষ কিনছে। জাটকা ছাড়া এসব মাছ বিক্রিতে বিধিনিষেধ নেই। তবে ইলিশ বলে সামুদ্রিক মাছ বিক্রি করে সাধারণ মানুষকে ঠকানো হচ্ছে।