গোয়েন্দা পুলিশ পরিচয়ে ছিনতাই
চট্টগ্রামে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁরা হলেন শহীদুল ইসলাম ও দুলাল মোহাম্মদ ইমরান।
আজ বুধবার ভোরে নগরের কোতোয়ালি থানার বক্সিরহাট পিতম্বর শাহ দোকানের সামনে এই ঘটনা ঘটেছে।
ঘটনার শিকার মাছ আড়তের কর্মচারি মো. আউয়াল প্রথম আলোকে বলেন, রিকশায় করে ফিশারীঘাটে মাছের আড়তে যাচ্ছিলেন তিনি। এ সময় একটি মোটরসাইকেলে সাদা পোশাকে থাকে দুজন নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে রিকশা থামান। তাঁরা তাঁর শরীর তল্লাশি করে মোবাইল ও টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। চিৎকার দিলে টহলে থাকা পুলিশ সদস্যরা ধাওয়া দিয়ে দুজনকে গ্রেপ্তার করেন।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার দুজনের কাছ থেকে ‘পুলিশ’ লেখা একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। তাঁরা পুলিশ পরিচয়ে ছিনতাই ও চাঁদাবাজির কথা স্বীকার করেছেন। এই ঘটনায় থানায় মামলা হয়েছে।