গৌরনদীতে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের সংঘর্ষ, আহত ১২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল জেলার মানচিত্র

চলাচলের রাস্তা বন্ধ করা নিয়ে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। আজ শুক্রবার দুপুরে এ সংঘর্ষে তিনটি বসতঘর, একটি মোটরসাইকেল ভাঙচুরসহ কমপক্ষে ১২ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৮ জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ২ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন বার্থী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিজ ফকির, রিনা বেগম, মোসলেম ফকির, জুলেখা বেগম, হামিদা বেগম ও ইউনিয়ন বিএনপির সদস্য শাহজাহান ফকির এবং বার্থী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সালাম ফকির, ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক বক্তিয়ার পালোয়ান, ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সদস্য রিয়াজ সরদার ও লিলি বেগম। আহত ব্যক্তিদের মধ্যে আটজনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শাহজাহান ফকির ও আজিজ ফকিরের অবস্থা গুরুতর হওয়ায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর দুজন স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বার্থী ইউপির ১ নম্বর ওয়ার্ডের সদস্য ও বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের প্রভাবশালী সদস্য মো. করিম লস্কর (৩৬) ও বার্থী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুল আজিজ ফকিরের মধ্যে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে। ইউপি সদস্য করিম লস্করের বাড়ির পাশের গ্রামীণ কাঁচা রাস্তা দিয়ে গ্রামের লোকজন চলাচল করতেন। করিম লস্করের বড় ভাই আবদুল কাদের লস্কর (৪০) শুক্রবার সকাল আটটার দিকে চলাচলের রাস্তা বন্ধ করে দেন। সকাল নয়টার দিকে বিএনপি নেতা আজিজ ফকিরের আত্মীয় মকবুল হোসেন ব্যাপারীর স্ত্রী লাকি বেগম (৩২) ওই পথ দিয়ে যাওয়ার পথে বেড়া দেখে তা ভাঙার চেষ্টা করেন। এ সময় ইউপি সদস্য করিম লস্করের স্ত্রী রিনা আক্তার (৩০) বাধা দেন। এ নিয়ে উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে দুই নারী মারামারিতে লিপ্ত হন। সকাল ১০টার দিকে লাকি বেগমের ভাশুর রিপন ব্যাপারী (৩৫) বার্থী বাজার থেকে বাড়ি যাওয়ার পথে করিম লস্করের বাড়ির সামনে পৌঁছালে করিম লস্করের সমর্থকেরা তাঁকে পিটিয়ে জখম করেন এবং তাঁর মোটরসাইকেল ভাঙচুর করেন।

কয়েক যুগ ধরে ওই রাস্তা ব্যবহার করে গ্রামবাসী যাতায়াত করে থাকে। সেই রাস্তা বন্ধ করার প্রতিবাদ করলে করিম লস্কর ও তাঁর সমর্থকেরা দফায় দফায় হামলা চালিয়ে বিএনপি নেতাদের বাড়িঘর ভাঙচুর করেন এবং আমার আটজন স্বজনকে রক্তাক্ত জখম করেছেন।
আবদুল আজিজ ফকির, বার্থী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক

এ খবর ছড়িয়ে পড়লে ইউনিয়ন বিএনপির সদস্য মো. মজিবর ব্যাপারীর নেতৃত্বে তাঁর সমর্থকেরা পাল্টা হামলা চালান। এর জের ধরে বেলা একটার দিকে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় করিম লস্করের সমর্থকেরা বিএনপি কর্মী আজিজ ফকির, শাহজাহান ফকির ও মোসলেম ফকিরের বসতঘরে হামলা করে বসতঘর ভাঙচুর করেন। বেলা দুইটার দিকে গৌরনদী মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে বিএনপি নেতা আবদুল আজিজ ফকির বলেন, ‘কয়েক যুগ ধরে ওই রাস্তা ব্যবহার করে গ্রামবাসী যাতায়াত করে থাকে। সেই রাস্তা বন্ধ করার প্রতিবাদ করলে করিম লস্কর ও তাঁর সমর্থকেরা দফায় দফায় হামলা চালিয়ে বিএনপি নেতাদের বাড়িঘর ভাঙচুর করেন এবং আমার আটজন স্বজনকে রক্তাক্ত জখম করেছেন।’

অভিযোগ অস্বীকার করে করিম লস্কর বলেন, ‘আমার ভাই পথ বন্ধ করেছে খবর পেয়ে আমি আমার স্ত্রীকে নিয়ে বেড়া ভেঙে যাতায়াতের ব্যবস্থা করতে যাই। এ সময় বিএনপি সমর্থকেরা আমার স্ত্রীর ওপর হামলা চালান। পরে আমার বিক্ষুব্ধ সমর্থকেরা বিএনপির একটি বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে বলে শুনেছি।’

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বিকেলে প্রথম আলোকে বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা চলছে। এখনো কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।