গৌরনদীতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৮

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলা
প্রতীকী ছবি

বরিশালের সরকারি গৌরনদী কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুর ১২টার দিকের এ ঘটনায় ৮ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিরা হলেন গৌরনদী পৌর ছাত্রলীগের সদস্য আতিক মিয়ার ছোট ভাই জিহাদ মিয়া, তাঁর সমর্থক সাব্বির হোসেন এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মিয়ার সমর্থক সাকিব হোসেন, মো. রিফাত, মোস্তফা হোসেন, আজিজুল, সাহাদুল ও হিমেল। তাঁদের মধ্যে জিহাদ মিয়া ও সাব্বির হোসেনের অবস্থা গুরুতর। তাঁদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন, আহত ব্যক্তি ও পুলিশ সূত্রে জানা যায়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ নেতা ইমরান মিয়ার সঙ্গে আতিক মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর আগেও উভয়ের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ দুপুরেও তাঁরা পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষে জড়ায়।

আহত জিহাদ মিয়া অভিযোগ করে বলেন, ‘কলেজ ক্যাম্পাসে বহিরাগত ব্যক্তিরা এসে প্রায়ই ছাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বখাটেপনা করে। এ কারণে কলেজ ক্যাম্পাসে বহিরাগত প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। আজ দুপুর ১২টার দিকে ইমরান মিয়ার সমর্থক বহিরাগত আজিজুল ও সাহাদুল কলেজে প্রবেশ করে বখাটেপনা করতে থাকে। এ নিয়ে আমি তাদের শাসিয়ে দিই। পরে ইমরান মিয়ার সমর্থক ছাত্রলীগ কর্মী মোস্তফা, আজিজুল, সাহাদুল, হিমেলসহ ২০–২৫ জন লাঠিসোঁটা, লোহার রড ও ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর হামলা চালায়। এ সময় পিটিয়ে ও কুপিয়ে আমাকে ও আমার সহযোগী সাব্বির হোসেনকে আহত করেছে।’

এ অভিযোগ অস্বীকার করেছেন গৌরনদী উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান মিয়ার সমর্থক সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের সদস্য মোস্তফা হোসেন। তিনি বলেন, আজ দুপুরে কলেজ ক্যাম্পাসে তাঁর সমর্থক সাকিব হোসেন, রিফাতসহ চার–পাঁচজন ছাত্রলীগ কর্মী আড্ডা দিচ্ছিলেন। এ সময় গৌরনদী পৌর ছাত্রলীগ নেতা আতিক মিয়ার ছোট ভাই জিহাদ মিয়া তাঁদের গালাগাল করেন। কথা–কাটাকাটির একপর্যায়ে জিহাদ মিয়া ছাত্রলীগ কর্মী সাকিব হোসেন ও রিফাতকে মারধর করেন। এ খবর ছড়িয়ে পড়লে দুই পক্ষের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আফজাল হোসেন বলেন, এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেননি। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।