গৌরনদীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, মহাসড়কে যান চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাওয়াগামী বিআরটিসি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে ছেড়ে আসা বরিশালগামী বিএমএফ লিয়ন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়
ছবি: সংগৃহীত

ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ১ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার বেলা সোয়া একটায় উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের গাইনেরপাড় নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে। ঘটনায় নিহত ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ বছর। দুর্ঘটনার পর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ আছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিশাল থেকে ছেড়ে আসা মাওয়াগামী বিআরটিসির একটি বাস মহাসড়কের গাইনেরপাড় নামের স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা বরিশালগামী বিএমএফ লিয়ন নামের আরেকটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অন্তত ২০ জন আহত হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী ও হাইওয়ে থানা–পুলিশ আহত লোকজনকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ তারিক বীন খালিদ জানান, গুরুতর আহত ১১ জনকে বরিশালের শের–ই–বাংলা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। বাকি ব্যক্তিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় বরিশালে চিকিৎসাধীন ব্যক্তিরা হলেন উজিরপুরের বরাকোঠা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির (৭০) ও তাঁর স্ত্রী আনোয়ারা বেগম (৬০), পটুয়াখালীর গলাচিপার আমখোলা গ্রামের আবদুর রহিম সিকদার (৬০), গৌরনদী সদরের সুমা ঘোষ (২৭), বিআরটিসি বাসের সুপারভাইজার কুষ্টিয়া জেলার নওগাঁ শাবুগিয়া গ্রামের শাহাবুব হোসেন (৩৬), ঝালকাঠির কৃঞ্চখালি গ্রামের আলম হোসেন (৪৫), মুলাদি উপজেলার নাজিরপুর গ্রামের তামান্না আক্তার (২২) ও হনুফা বেগম (২৫), নওগাঁ জেলার শাহাজাতপুর সদরের মুকুল (৩২), আগৈলঝাড়া উপজেলার রতপুর গ্রামের সঞ্জয় দাস (৩০) ও গৌরনদীর বিল্লগ্রাম গ্রামের আনোয়ারা বেগম (৬৫)।

দুর্ঘটনার পর থেকে ঢাকা-বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ আছে। এতে দুর্ঘটনাস্থল থেকে প্রায় দুই কিলোমিটার পর্যন্ত যানজটের সৃষ্টি হয়েছ। সড়কের দুই পাশে শতাধিক গাড়ি যানজটে আটকে আছে বলে জানা গেছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, দুর্ঘটনার পর সাময়িকভাবে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে আছে। যান চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করা হচ্ছে।