গৌরনদীতে নির্বাচন–পরবর্তী সহিংসতায় নিহতের ঘটনায় হত্যা মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহ আলম খান।
ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন–পরবর্তী সহিংসতায় পরাজিত সদস্য প্রার্থীর ভায়রা শাহ আলম খান (৫৪) নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। আজ শুক্রবার নিহত শাহ আলমের স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২০ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় হত্যা মামলা করেন।

ইউপি নির্বাচনের দিন ও নির্বাচন–পরবর্তী সহিংসতায় শাহ আলমসহ তিন দিনে তিনজন নিহত হয়েছেন। নিহত শাহ আলম ৯ নম্বর ওয়ার্ডের পরাজিত প্রার্থী মন্টু হাওলাদারের ভায়রা।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, মামলার পর পুলিশ আজ এজাহারভুক্ত আসামি হারুন সরদারকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া নির্বাচনের দিন সহিংসতায় আবু বকর ফকির নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলায় সন্দেহভাজন রাজ্জাক সরদার, বাবুল সরদার ও হালিম সরদারকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২১ জুন ভোট গ্রহণের দিন খাঞ্জাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের দুই সদস্য প্রার্থী ফিরোজ মৃধা ও মন্টু হাওলাদারের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে বিজয়ী প্রার্থী ফিরোজ মৃধার চাচাতো ভাই মৌজে আলী মৃধা (৬৪) নিহত হন। এ ঘটনায় গত মঙ্গলবার নিহত মৌজে আলীর ছেলে মো. নজরুল ইসলাম বাদী হয়ে গৌরনদী মডেল থানায় ১০১ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। ২৩ জুন দুপুরে গৌরনদী বন্দরের আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলন ও হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে থানার সামনে বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

বিক্ষোভ শেষে ফেরার পথে বিক্ষুব্ধ ব্যক্তিরা দক্ষিণ কমলাপুর গ্রামের বেইলি ব্রিজের পাশে শাহ আলম খানের বাড়ির সামনে এসে মন্টু হাওলাদারের ফাঁসি চেয়ে স্লোগান দেন। এ সময় বাড়ি থেকে বের হয় শাহ আলমের ভাতিজা অপু (১৫) ও ভাগনে সাগর সরদার (১৭)। মিছিলকারীরা কিশোর অপু ও সাগরকে মারধর করেন। দুজনের কান্নার শুনে তাঁদের রক্ষায় শাহ আলম এগিয়ে এলে তাঁর ওপর হামলা চালান বিক্ষুব্ধ ব্যক্তিরা।

গুরুতর আহত অবস্থায় শাহ আলমকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত বুধবার দিবাগত রাত একটায় শাহ আলম মারা যান।

গৌরনদীর খাঞ্জাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনী সহিংসতায় তিনজন নিহত হওয়ার ঘটনায় ১৯০ জনকে আসামি করে গৌরনদী মডেল থানায় পৃথক তিনটি হত্যা মামলা করা হয়েছে।