গৌরনদীতে বাস ও তেলের ট্যাংকারের সংঘর্ষে নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাস ও তেলবাহী ট্যাংকারের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ছয়টার দিকে বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী উপজেলার টরকী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত হয়েছেন বাসের ১০ যাত্রী। তাঁদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বেলাল হোসেন বলেন, আজ সকালে বরিশাল থেকে ঢাকাগামী বিএমএফ পরিবহনের বাসটি গৌরনদীর টরকী বাসস্ট্যান্ডের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলের ট্যাংকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তেলের ট্যাংকারের চালক গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলার বিশ্বম্ভরদী গ্রামের বাসিন্দা মোক্তার মোল্লা (৫০) ঘটনাস্থলে নিহত হন। আহত হন বাসটির অন্তত ১০ যাত্রী। দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ঘণ্টাখানেক যানবাহন চলাচল বন্ধ থাকে। এর ফলে ঘটনাস্থলের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

ওসি শেখ বেলাল হোসেন আরও বলেন, গৌরনদী হাইওয়ে থানার পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।