গৌরনদীতে বাসের চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলায় বাসের চাপায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম বেজহার এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম আবদুর রহমান (৩০)। তিনি বরগুনার তালতলী উপজেলার স্লুইসগেট এলাকার মোকছেদ জমাদ্দারের ছেলে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ বেলাল হোসেন বলেন, নিজের মোটরসাইকেল চালিয়ে মাদারীপুর থেকে বরগুনা যাচ্ছিলেন আবদুর রহমান। আজ সকাল ছয়টার দিকে গৌরনদীর মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম বেজহার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে একটি বাস। এতে ঘটনাস্থলেই আবদুর রহমান মারা যান। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় গৌরনদী হাইওয়ে থানায় অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা করা হয়েছে।