
কৃষি শিক্ষা, গবেষণা ও সম্প্রসারণের বিদ্যাপীঠ হিসেবে ১৯৬১ সালের আজকের দিনে প্রতিষ্ঠিত হয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এ দেশের প্রথম উচ্চতর কৃষিশিক্ষা ও গবেষণার পথিকৃৎ এ বিশ্ববিদ্যালয় ক্রমাগত সাফল্যের পথ বেয়ে ৫৩ বছরের গৌরবময় যাত্রাপথ অতিক্রম করে আজ ১৮ আগস্ট সোমবার পা দিচ্ছে ৫৪ বছরে। ময়মনসিংহ শহর থেকে চার কিলোমিটার দক্ষিণে ব্রহ্মপুত্র নদের পশ্চিম পাশে চিরসবুজে ঘেরা নৈসর্গিক পরিমণ্ডলে এক হাজার ২০০ একর জায়গা নিয়ে গড়ে উঠেছে এ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আজ সকাল ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। ১১টায় রয়েছে ‘কৃষি উন্নয়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান’ শীর্ষক সেমিনার। এ ছাড়া বৃক্ষরোপণ, গাছের চারা বিতরণ এবং মাছের পোনা ছাড়ার কর্মসূচিও রয়েছে।
১৯৬১ সালে ‘পূর্ব পাকিস্তান কৃষি বিশ্ববিদ্যালয়’ নামে কেবল ভেটেরিনারি ও কৃষি অনুষদ দিয়ে শুরু হয় এর পথচলা। এরপর ক্রমান্বয়ে যুক্ত হয়েছে পশুপালন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান, কৃষি প্রকৌশল ও কারিগরি এবং মাৎস্যবিজ্ঞান অনুষদ। ছয়টি অনুষদের আওতায় ৪৩ বিভাগে সেমিস্টার পদ্ধতিতে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে পাঁচ হাজার ৩৭২ জন শিক্ষার্থী ও ৫৬০ জন শিক্ষক রয়েছেন। এ বিশ্ববিদ্যালয়ে মূল প্রশাসন ভবনসহ বিভিন্ন অনুষদীয় ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি), কৃষি সম্প্রসারণ ভবনসহ শিক্ষার্থীদের আবাসনের জন্য ১২টি ছাত্রাবাস রয়েছে। রয়েছে একটি সুবিশাল কেন্দ্রীয় গ্রন্থাগারসহ জিমনেসিয়াম, স্টেডিয়াম, স্বাস্থ্যকেন্দ্র, ক্লাব ভবন, কমিউনিটি সেন্টার, কেন্দ্রীয় মসজিদ ও মন্দির।
ব্যবহারিক ও গবেষণার জন্য জার্মপ্লাজম সেন্টার, সিড প্যাথলজি সেন্টার, ভেটেরিনারি ক্লিনিক, প্ল্যান্ট ডিজিজ ক্লিনিক এবং প্রফেসর ড. মুহাম্মদ হোসেন কেন্দ্রীয় গবেষণাগারসহ ফিল্ড ফার্টিলিটি ক্লিনিক, বায়োটেকনোলজি, ফিশ নিউট্রিশন ও ডিজিজ গবেষণাগার। প্রতিষ্ঠিত হয়েছে বিরল বৃক্ষরাজিসমৃদ্ধ বোটানিক্যাল গার্ডেন, দেশের প্রথম কৃষি জাদুঘর ও মৎস্য জাদুঘর। এ ছাড়া শহীদ মিনার, মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, বধ্যভূমি স্মৃতিস্তম্ভ, মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য ‘বিজয়-৭১’ এবং ‘বঙ্গবন্ধু স্মৃতি চত্বর’। এ ছাড়া দেশের দুটি গুরুত্বপূর্ণ গবেষণা প্রতিষ্ঠান বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এবং বাংলাদেশ মাৎস্য গবেষণা ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয় চত্বরেই অবস্থিত।
এ বিশ্ববিদ্যালয় বাউকুল, দুটি উচ্চ ফলনশীল (উফশী) ধান, চারটি উফশী সরিষা, পাঁচটি সয়াবিন, দুটি আলু, তিনটি মুখিকচুর জাত উদ্ভাবন করেছে। জার্মপ্লাজম সেন্টারে ফল ও ফসলের ৯০টির বেশি জাত উদ্ভাবিত হয়েছে। কলা ও আনারস উৎপাদনের উন্নত প্রযুক্তি, রাইজোবিয়াম জৈব সার উৎপাদন প্রযুক্তি, সয়েল টেস্টিং কিট, হাওর এলাকায় হাঁস পালনের কলাকৌশল, গবাদিপশুর ভ্রূণ প্রতিস্থাপন, মাছের রোগ প্রতিরোধে ঔষধি গাছের ব্যবহার, মাছের বংশ পরিক্রম নির্ণয়, তারাবাইম, গুচিবাইম, বড় বাইম, কুঁচিয়া ও বাটা মাছের কৃত্রিম প্রজনন, কচি গমের পাউডার উৎপাদন, নিরাপদ শুঁটকি তৈরির ট্যানেল উদ্ভাবন, বিদ্যুৎবিহীন হিমাগার স্থাপন, গাভির ওলান প্রদাহ রোগনির্ণয় পদ্ধতি আবিষ্কার বিশ্ববিদ্যালয়ের অন্যতম সাফল্য।
শিক্ষার্থীদের মননশীলতা বিকাশ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার জন্য ছাত্র-শিক্ষক কেন্দ্রের আওতায় বিনোদন সংঘ, সাহিত্য সংঘ, নাট্য সংঘ, সংগীত সংঘ, বিজ্ঞান সংঘ, ডিবেটিং ক্লাব নিয়মিতভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ১৯৭১ সালে বিশ্ববিদ্যালয়ের বিপুলসংখ্যক ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী মুক্তিযুদ্ধে অংশ নেন। এ বিশ্ববিদ্যালয় হারায় ১৯ সাহসী বীর সন্তানকে, যাঁরা দেশমাতৃকার মুক্তির জন্য মুক্তিযুদ্ধে অকাতরে জীবন উৎসর্গ করেন।
উপাচার্য অধ্যাপক মো. রফিকুল হক বলেন, ‘দেশের ১৬ কোটি মানুষের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা দিতে এ বিশ্ববিদ্যালয় কাজ করে যাচ্ছে। বিশ্ববিদ্যালয় দিবসে আমাদের প্রত্যাশা, বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য-উদ্দেশ্য আরও কার্যকর ও ত্বরান্বিত করা।’