বুধবার সন্ধ্যার ঘটনা। সূর্য অস্ত যাওয়ার আগে ঝোপের আড়ালে কিছু একটা নড়েচড়ে ওঠে। একটু ভালোভাবে দেখার জন্য এগিয়ে গেলে সেখান থেকে বেরিয়ে এক গ্যাজেলের ভোঁ–দৌড়। তবে অল্প একটু দূরে গিয়ে সে থেমে যায়। ঘুরে দাঁড়ায় সাহস নিয়ে।
এত দ্রুত দৌড়ে পালানো প্রাণীটির হঠাৎ থেমে যাওয়া এক ভিন্ন ইঙ্গিত দিচ্ছিল। ধারণা করা হচ্ছিল, কোথাও তার শাবক আছে, এ কারণে ওই শাবকের নিরাপত্তায় সেখানে প্রতিরোধমূলক অবস্থান নিয়ে দাঁড়িয়ে গিয়েছিল মা গ্যাজেলটি। শেষ পর্যন্ত ইঙ্গিতই সত্যি হলো। দু–এক দিনের মাথায় গ্যাজেল শাবকটির দেখা মিলল। তবে বনের ভেতর দুর্গম স্থানে অবস্থান করায় সেদিন ছবি তোলা সম্ভব হয়নি। গ্যাজেল বাচ্চা জন্ম দেওয়ার পর সেটিকে অন্যান্য প্রাণীর চোখের আড়ালে রাখতে সর্বোচ্চ চেষ্টা করে। শাবকের আশপাশে অল্প দূরত্বে খাবারের সন্ধান করে এরা।
গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের আফ্রিকান সাফারিতে গ্যাজেল পরিবারে এসেছে এই নতুন সদস্য। শাবকটির বয়স রোববার পর্যন্ত ২৭ দিন হতে পারে বলে ধারণা কর্তৃপক্ষের। এখনই শাবকটির লিঙ্গ নির্ধারণ করা সম্ভব হয়নি। সম্প্রতি খবর পাওয়া যায়, আজকাল মাঝেমধ্যে শাবকসহ গ্যাজেল চোখে পড়ছে। তাই শুক্রবার আফ্রিকান সাফারিতে পর্যটক বাসে চেপে যাওয়া হয় গ্যাজেলের ছবির আশায়। সৌভাগ্যক্রমে দেখা হয়ে যায় তাদের সঙ্গে। দুপুরের মিষ্টি রোদে মা গ্যাজেলের সঙ্গে হেঁটে বেড়াচ্ছে শাবকটি। এই কয়েক দিনেই শাবকটির মধ্যে চাঞ্চল্য দেখা দিয়েছে। সে মায়ের মতো ঘাস খাওয়া রপ্ত করার চেষ্টা করছে। তবে কিছুক্ষণ পরপর তাকে মায়ের দুধ পান করতে দেখা গেছে। এ সময় পুরুষ গ্যাজেলের দেখা পাওয়া যায়নি।
বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক তবিবুর রহমান বলেন, গ্যাজেলটিকে প্রায় চার মাস ধরে বন্য প্রাণী চিকিৎসাকেন্দ্রের অধীনে কোয়ারেন্টিনে রাখতে হচ্ছে। তার চোখে সমস্যা দেখা দিয়েছে। দৃষ্টিশক্তি প্রায় ৯০ ভাগ হারিয়ে গেছে।
সাফারি পার্কে শাবকের জন্ম দেওয়া গ্যাজেলগুলো থমসন গ্যাজেল। পার্কের প্রতিষ্ঠাকালীন দক্ষিণ আফ্রিকা থেকে দুটি থম্পসন গ্যাজেল আনা হয়। এখন সাফারি পার্কে শাবকসহ গ্যাজেলের সংখ্যা ৩। এ তথ্য জানান তবিবুর রহমান। তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এটাই গ্যাজেলের বাচ্চা দেওয়ার প্রথম ঘটনা নয়। এর আগেও তিন-চারবার বাচ্চার জন্ম হয়েছে। হরিণজাতীয় ছোট প্রাণী হওয়ায় বাচ্চাগুলোর ওপর শিয়ালের চোখ পড়ে। এর আগে জন্ম নেওয়া বাচ্চাগুলো শিয়াল খেয়ে ফেলেছে। এমনকি দক্ষিণ আফ্রিকা থেকে নিয়ে আসা দুটি গ্যাজেলের মধ্যে একটি শিয়ালের পেটে গেছে। বর্তমানে মা গ্যাজেলটিও শুরুতে আনা এক জোড়া গ্যাজেল থেকেই জন্ম নেওয়া। নতুন শাবকটি যথেষ্ট সুস্থ আছে বলে জানিয়েছেন পার্কের বন্য প্রাণী পরিদর্শক সরোয়ার হোসেন।
কালো, সাদা ও বাদামি রঙের মিশ্রণ আছে সারা গায়ে। উচ্চতা ও ওজনে পূর্ণবয়স্ক মায়া হরিণের তুলনায় এরা অর্ধেকের কম। তৃণভোজী এই প্রাণীগুলোর বসতি আফ্রিকাজুড়ে। তবে তাজিকিস্তান, উজবেকিস্তান, ইরান তুরস্ক, সিরিয়াতেও এদের দেখা যায়। ঘাস, লতাপাতা এদের প্রধান খাবার। পাঁচ থেকে ছয় মাস গর্ভধারণ করে। এদের এককটি পূর্ণবয়স্ক পুরুষ গ্যাজেলের ওজন হয় ২৫ থেকে ৩০ কেজি। স্ত্রীদের ওজন ১৫ থেকে ২৫ কেজির মতো। বন্য প্রাণীদের মধ্যে গ্যাজেল হলো চতুর্থ দ্রুত দৌড়াতে পারা প্রাণী। এরা ঘণ্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার গতিতে দৌড়াতে পারে। থমসন গ্যাজেল প্রকৃতিতে বাঁচে ১৫ থেকে ১৬ বছর। এদের প্রধান শত্রু হলো চিতা। খুব দ্রুত দৌড়াতে পারলেও চিতা তার গতিতে গ্যাজেলকে হার মানায়। হেরে যাওয়া মানেই চিতার খাবারে পরিণত হওয়া।
প্রাণীটি দেখতে খুব মায়াবী। এক জোড়া চোখ আর গায়ের যে রঙের বিস্তৃতি, এটি বেশ আকর্ষণীয়। সহকারী বনসংরক্ষক তবিবুর রহমান বলছিলেন, গ্যাজেলের পরিবারে বাচ্চার জন্ম হলেও টিকে থাকা নিয়ে তাঁরা শঙ্কিত থাকেন। কয়েকবার বাচ্চাগুলো শিয়ালে খেয়ে ফেলেছে। তবে এবার সৌভাগ্যক্রমে বাচ্চাটি এখন পর্যন্ত সুরক্ষিত আছে। শাবকটি বেঁচে থাকলে থমসন গ্যাজেলের পাল সমৃদ্ধ হবে।