গ্যাস সরবরাহ নিশ্চিত হলে গড়ে উঠবে ভারী শিল্প
পদ্মা সেতুকে ঘিরে বাগেরহাটে শিল্প-বাণিজ্যে বিনিয়োগে এগিয়ে আসছেন অনেকে। জেলায় শিল্পে বিনিয়োগ ও ব্যবসা-বাণিজ্যের সম্ভাবনা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাগেরহাটে ইলেকট্রিক থ্রি–হুইলার, ব্যাটারি, চিংড়ি ও পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত ডয়োডু মোটরস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল করিম। সাক্ষাৎকার নিয়েছেন ইনজামামুল হক।
প্রশ্ন :
প্রথম আলো: পদ্মাসেতু চালু হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের আর্থসামাজিক অবস্থার কেমন পরিবর্তন হবে বলে আশা করেন?
ফজলুল করিম: পদ্মাসেতু চালুর পর এ অঞ্চলের মৎস্য, কৃষি পণ্যসহ অন্যান্য পণ্যসামগ্রী দ্রুত পরিবহন সম্ভব হবে। পাশাপাশি শিল্পায়ন, পর্যটনসহ নানা ক্ষেত্রে বিনিয়োগের সঙ্গে কর্মসংস্থানের সৃষ্টি হবে। এতে সার্বিকভাবে সাধারণ মানুষের জীবনমান ও আর্থসামাজিক অবস্থার পরিবর্তন আসবে।
প্রশ্ন :
প্রথম আলো: এই অঞ্চলে শিল্পায়নের সম্ভাবনা কেমন দেখছেন?
ফজলুল করিম: দেশের অনেক অঞ্চলের তুলনায় এখানে জমির দাম তুলনামূলক কম। আমাদের কাছেই মোংলা সমুদ্র বন্দর। সেতু চালুর ফলে রাজধানী ঢাকাসহ অন্যান্য অঞ্চলের সঙ্গেও যোগাযোগ সহজ হবে। ফলে জেলায় শিল্পায়নের দারুণ সম্ভাবনা রয়েছে। সরকারকেও নানা সুযোগ-সুবিধা বাড়াতে হবে। অনেক উদ্যোক্তা এরই মধ্যে জেলায় জমি কিনেছেন। গ্যাস সরবরাহ নিশ্চিত করা গেলে তৈরি পোশাক, হিমায়িত পণ্য, কৃষিনির্ভর নানা প্রক্রিয়াজাতকরণ পণ্য উৎপাদনসহ ভারী শিল্প গড়ে উঠবে এখানে।
প্রশ্ন :
প্রথম আলো: শিল্পায়নের জন্য সরকারের কি ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন?
ফজলুর করিম: উদ্যোক্তাদের সুযোগ দিতে হবে। কৃষি ক্ষেত্রে সরকারের নানা ভর্তুকি আছে, ব্যাংক ঋণ দেওয়ার কথা আছে। কিন্তু নানা জটিলতায় কৃষক ঠিকমতো এসব পাচ্ছে না। এই অঞ্চলে দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য রয়েছে। আমাদের প্রত্যাশা, পদ্মাসেতু সেই বৈষম্য দূর করবে। এখানে শিল্প উদ্যোক্তাদের জন্য বিশেষ সুবিধা ও প্রণোদনা ঘোষণা করতে হবে। যেমন ভ্যাট-ট্যাক্স ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের ক্ষেত্রে সরকার বিনিয়োগকারীদের বিশেষ সুবিধা দিতে পারে। বিশেষ ট্যারিফ ঘোষণা করতে পারে।
পদ্মা সেতু চালুর পর শিল্পকারখানায় বিনিয়োগের পাশাপাশি কৃষি ও মৎস্য খাতে দারুণ সম্ভাবনা দেখছেন বাগেরহাটের ব্যবসায়ীরা। এ জন্য সরকারকে সুযোগ–সুবিধা বাড়াতে হবে।
প্রশ্ন :
প্রথম আলো: বিদেশি বিনিয়োগের সম্ভাবনা কতটুকু। এ জন্য কি কাজ হচ্ছে?
ফজলুর করিম: ভোলার গ্যাস পাইপলাইনের মাধ্যমে মোংলা, বরিশাল ও খুলনা অঞ্চলে সরবরাহের ব্যবস্থা করা গেলে হালকা শিল্পের পাশাপাশি সিরামিকসহ নানা ভারী শিল্পপ্রতিষ্ঠানও গড়ে উঠবে। এতে বিদেশি বিনিয়োগকারীরা আগ্রহী হবে। শিল্পায়নসহ নানা ক্ষেত্রে এই অঞ্চলের পিছিয়ে থাকার বিষয়টি বিবেচনায় নিয়ে সরকার বিনিয়োগ ও শিল্পস্থাপনে ১০-১২ বছরের বিশেষ সুবিধা দিলে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা বিনিয়োগে আকৃষ্ট হবে।
প্রশ্ন :
প্রথম আলো: বিশ্ব ঐতিহ্য সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদ, খান জাহান আলী (র.)-এর মাজারসহ নানা ঐতিহাসিক স্থাপনা রয়েছে। পর্যটন ব্যবসায়ী হিসিবে এ খাতে কেমন সম্ভাবনা দেখেন?
ফজলুর করিম: পদ্মা সেতু চালুর পর মানুষ খুব সহজেই এই অঞ্চলে যাতায়াত করতে পারবে। কক্সবাজার, সিলেট বা পার্বত্য অঞ্চলের মতো আমাদের সুন্দরবন, ষাটগম্বুজ মসজিদও কিন্তু পর্যটকদের কাছে ব্যাপক জনপ্রিয়। দেশি-বিদেশি অনেক পর্যটক আসতে চান। যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ায় এখন পর্যটকেরা সহজেই আসতে পারবেন। পর্যটক বৃদ্ধির সঙ্গে সঙ্গে এখানে হোটেল, মোটেল, কটেজসহ নানা খাতে বিনিয়োগ বাড়বে। এর সঙ্গে আমরা ভিলেজ ও অ্যাগ্রো টুরিজম বিকাশে কাজ করতে চাই। এতে বিদেশি পর্যটকদের সঙ্গে আমাদের সংস্কৃতি বিনিময়ের একটি সুযোগ সৃষ্টি হবে।
প্রশ্ন :
প্রথম আলো: বাগেরহাটে দেশের সবচেয়ে বেশি চিংড়ি উৎপাদন হয়। মৎস্য ও কৃষি ক্ষেত্রে কি ধরনের সম্ভাবনা দেখছেন?
ফজলুর করিম: তৈরি পোশাকের পর আমাদের সবচেয়ে বড় রপ্তানি খাত চিংড়ি। তবে তৈরি পোশাকের পুরোটা কিন্তু আমরা উৎপাদন করি না। দেশে চিংড়িসহ মাছ উৎপাদনে একটা বিপ্লব হয়ে গেছে। বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমের জেলাগুলো এ ক্ষেত্রে পথিকৃৎ। মাছ চাষের সঙ্গে সঙ্গে সবজি ও ইরি ধান উৎপাদনেও একটা বিপ্লব হয়েছে। পদ্মাসেতু চালু হলে এখানে উৎপাদিত কৃষি পণ্য পরিবহন সহজ হবে। ফলমূল, শাকসবজি ও মাছের মতো কৃষি পণ্যের প্রক্রিয়াজাতকরণ শিল্প গড়ে উঠবে। ফলে কৃষক ভালো দাম পাবে। তাই, কৃষি ও মৎস্য খাতে দারুণ সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে কৃষি ও মৎস্যকেন্দ্রিক পর্যটনেও দারুণ সম্ভাবনা আছে। এ জন্য প্রয়োজন সঠিক পরিকল্পনা।