গ্যাস সিলিন্ডারের আগুনে পুড়ল গরু, বসতঘর
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় গ্যাস সিলিন্ডারের আগুনে তিনটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় ঘরের পাশে গোয়ালঘরে থাকা দুটি গরু পুড়ে মরেছে। গতকাল সোমবার রাতে উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের দরবেশহাটের মাওলাপাড়ায় আগুন লাগার এ ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা হলেন আবদুল জব্বার, আবদুল মালেক ও আবদুল জলিল।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাত সাড়ে সাতটার দিকে আবদুল জব্বারের রান্নাঘরের গ্যাস সিলিন্ডার থেকে অসাবধানতাবশত দাউদাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যে আগুন ওই ঘরসহ পাশের দুটি বসতঘরে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন পাশের আবদুল মালেকের গোয়ালঘরেও ছড়িয়ে পড়লে সেখানে থাকা দুটি গরু আগুনে পুড়ে মারা যায়। পরে ফায়ার সার্ভিসের লোকজন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন।
ক্ষতিগ্রস্ত লোকজন জানান, বসতঘরে আগুন লেগে স্বর্ণালংকার, নগদ টাকা, আসবাবপত্রসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ ছাড়া আবুল কাশেম নামের এক ব্যক্তির পাশের পাকা ঘর পুড়ে আংশিক ক্ষতি হয়েছে।
সাতকানিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন কার্যালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা মাহবুব আলম প্রথম আলোকে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাঁদের কর্মীরা প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার থেকেই আগুনের সূত্রপাত হয়েছে।