গ্যাস–সংকট নিরসনের দাবিতে শ্রমিক সংগঠনের মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাভার ও আশুলিয়ায় গ্যাস সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা
ছবি : প্রথম আলো

ঢাকার সাভার ও আশুলিয়ায় গ্যাস–সংকট নিরসনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা। শুক্রবার বেলা ১১টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় আশুলিয়া প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। মানববন্ধন শেষে সড়কে বিক্ষোভ মিছিল করেন তাঁরা।

মানববন্ধনে নেতা-কর্মীরা বলেন, সাভার ও আশুলিয়া শিল্প এলাকা। স্থানীয় ব্যক্তিদের পাশাপাশি কয়েক লাখ শ্রমিক সাভার ও আশুলিয়ায় বসবাস করেন। গত কয়েক দিনে এ দুই এলাকায় তীব্র গ্যাস–সংকটের কারণে শ্রমিকেরা অসহায় জীবন যাপন করছেন। শ্রমিকেরা সারা দিন কারখানায় কাজ শেষে বাসায় ফিরে দেখেন গ্যাস নেই। বাধ্য হয়ে তাঁরা অতিরিক্ত টাকা খরচ করে হোটেল থেকে খাবার কিনে দিন পার করছেন।

গার্মেন্টস শ্রমিক ঐক্য লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন বলেন, ‘বিভিন্ন মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি সাভার ও আশুলিয়ায় অবৈধ গ্যাস–সংযোগের কারণে এ দুটি এলাকায় তীব্র গ্যাস–সংকট দেখা দিয়েছে। দ্রুত এ সংকট নিরসনে কার্যকরী পদক্ষেপ নেওয়া না হলে এলাকাবাসী ও শ্রমিকদের সঙ্গে নিয়ে আমরা তিতাস গ্যাস অফিস ঘেরাও করতে বাধ্য হব।’

বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি অরবিন্দু ব্যাপারী বলেন, চলমান গ্যাস–সংকটে তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা চরম ভোগান্তিতে পড়েছেন। দ্রুত এ সংকট নিরসনে সংশ্লিষ্টদের পদক্ষেপ নিতে হবে।

ইউনাইটেড ফেডারেশন অব গার্মেন্টস ওয়ার্কার্সের সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি ইমন শিকদার বলেন, শিল্পাঞ্চল হিসেবে সাভার ও আশুলিয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। কয়েক লাখ শ্রমিকের বসবাস এখানে। আজ বিভিন্ন শ্রমিক কলোনিতে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। অতীতের তুলনায় এবার এ সংকট আরও প্রকট হয়েছে। দ্রুত এ সংকট নিরসনের দাবি জানান তিনি।